প্রীতি পোদ্দার, কলকাতা: গরমের দিনে একদমই বেশি মশলাযুক্ত খাবার বা ভাজাভুজি খেতে একদমই মন চায় না। শুধু ইচ্ছে করে ঠান্ডা ঠান্ডা খাবার এবং ফলমূল খেতে। আর গ্রীষ্মকালে ফল মানেই হল আম (Mango)। রকমারি স্বাদের আম চাখতে গোটা বছর সকলেই এই গরমের জন্য অপেক্ষা করে থাকে। আর এই আম দিয়ে বাঙালির ঘরে ঘরে আমের আচার, আমসত্ত্ব, আমের গুড় হরেক রকমের পদ (Recipes) বানানোর হিড়িক পড়ে যায়। তাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম টক-ঝাল-মিষ্টি স্বাদের কাঁচা আমের কাসুন্দির রেসিপি (Aam Kasundi Recipe) নিয়ে।
স্বাদে ভরপুর আম কাসুন্দি
আমের রয়েছে নানান উপকারিতাও। পুষ্টিকর গুণে ভরপুর এই আম খেতে ভালোবাসে না এমন কাউকে খোঁজা বেশ দুষ্কর। গরমের দিনে আম দিয়ে নানান স্বাদের রেসিপি বানানো যায়। মা ঠাকুমাদের রান্নার খাতা খুললেই সেই সব সাবেকি রান্নার হদিশ পাওয়া যায় অনেক। তবে এখন সেইসব রান্না অতীত। তবে বাঙালি এখনও সেই স্বাদের অপেক্ষায় থাকে। তাইতো এই গরমের মরশুমে আম দিয়ে আজ বানানো হবে কাসুন্দি। ঝটপট দেখে নেওয়া যাক রেসিপিটি।
উপকরণ
আম কাসুন্দি বানানোর জন্য যে সকল উপকরণগুলির প্রয়োজন সেগুলি হল কয়েকটি মাঝারি আকৃতির কাঁচা আম, কালো সরষে, সাদা সরষে, কাঁচা লঙ্কা, নুন, হলুদ গুঁড়ো, ভিনিগার, সর্ষের তেল।
পদ্ধতি
আম কাসুন্দি বানানোর জন্য প্রথমে একটি শিলে বাটায় পরিমাণমত কালো সরষে ও সাদা সরষে ভালো করে বেটে গুঁড়ো করে নিতে হবে। এরপর কাঁচা লঙ্কাগুলিও বেটে নিতে হবে। যাঁদের বাড়িতে শিলে বাটা নেই তাঁরা মিক্সিতেও করে নিতে পারবে। অন্যদিকে কাঁচা আমগুলি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে রাখতে হবে। এরপর সেই আমগুলি ঘষে নিতে হবে।
আরও পড়ুন: পার্লারের মতোই ত্বকের জেল্লা ফেরাবে বরফ, সঙ্গে মেশান এই উপাদানগুলি
আমগুলো ঘষে নেওয়ার পর ওর মধ্যে একে একে বেটে গুঁড়ো করে রাখা কালো সরষে ও সাদা সরষে মিশিয়ে নিতে হবে, তার সঙ্গে পরিমাণ মত নুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এরপর ওই মিশ্রণের মধ্যে সামান্য ভিনিগার মিশিয়ে দিতে হবে। বেশিদিন যাতে কাসুন্দি ঠিক থাকে তার জন্য এই ভিনিগার মেশানো হয়। সবকিছু ভালো করে মাখিয়ে নিতে শেষে ওপর দিয়ে সর্ষের তেল দিয়ে দিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি আম কাসুন্দি। গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগবে।










