তুমুল দুর্যোগ বাংলায়, দক্ষিণবঙ্গের ৮ জেলায় কমলা সতর্কতা, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ মেঘ ভাঙা বৃষ্টি, কালবৈশাখীর তাণ্ডব চলছে বাংলাজুড়ে। রীতিমতো দুর্যোগ শুরু হয়েছে সর্বত্র। উত্তরবঙ্গে তো ইতিমধ্যে বর্ষার আগমন ঘটেছে, এখন শুধু দক্ষিণবঙ্গে আসার অপেক্ষা। বিভিন্ন হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গেও পা পড়বে বর্ষার। ক্রমশ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বাংলা সহ বহু জায়গায় এগোচ্ছে। আজ শুক্রবার বাংলার কিছু জেলায় যেমন ভারী বৃষ্টি তো আবার কিছু জেলায় বিক্ষিপ্ত থেকে ভারী বর্ষণের ভ্রূকুটি (Weather Today) রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, শুক্রবার ঘণ্টায় ৬০ কিমি বেগে কালবৈশাখী সহযোগে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলায়। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা।

আলিপুর মৌসম ভবন জানিয়েছে, মৌসুমি বায়ু ক্রমশ দেশের সব অংশে ছড়িয়ে পড়ছে। আগামী ১ থেকে ২ দিনের মধ্যে পশ্চিম মধ্যে ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের অবশিষ্ট অংশ, পশ্চিমবঙ্গ ও বিহারের আরও কিছু এলাকা এবং ওড়িশা ও ঝাড়খণ্ডের কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আরও অগ্রগতির জন্য অনুকূল পরিস্থিতি বিদ্যমান রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে আছেন বা সেখানে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে জেনে রাখুন, আজ ভারী বর্ষণের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। এছাড়া বাদবাকি জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও চলবে ঝড় বৃষ্টির দাপট।

আগামীকালের আবহাওয়া

শনিবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিনও ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। এছাড়া বাদবাকি জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও চলবে ঝড় বৃষ্টির দাপট। দক্ষিণবঙ্গের কথা বললে, এদিন ঝড় ও তীব্র বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা, নদীয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।