প্রীতি পোদ্দার, কলকাতা: ভেটকি পাতুরি তো অনেক খেয়েছেন, কখনও কি বাড়িতে পাকা আম দিয়ে ভেটকি মাছের পাতুরি (Paka Aam Bhetki Paturi Recipe) খেয়ে দেখেছেন? সামনেই আসতে চলেছে জামাই ষষ্ঠী, মেনু থেকে শুরু করে সাজ সব নিয়েই যেন উৎসবের আমেজ। জামাই আদরে যাতে কোনো ত্রুটি না থাকে তার জন্য এখন থেকেই নানা পরিকল্পনা করে চলেছেন শাশুড়ি মায়েরা। কিছু নতুনত্ব আইটেমও অনেকে করতে চান প্রিয় জামাইদের জন্য। এদিকে আমের (Ripe Mango) মরশুমে পাতে আমের স্পর্শ না থাকলেও নয়, তাই আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে ভিন্ন স্বাদের ভেটকি মাছের পাতুরি নিয়ে।
উপকরণ
পাকা আম ভেটকি পাতুরি বানানোর জন্য যে যে উপকরণগুলো দরকার সেগুলি হল – ৪ পিস ভেটকি ভেটকি ফিলে, পাতিলেবু, সর্ষে পোস্ত বাটা, পাকা আম, কাঁচা লঙ্কা কুচি, পাকা আমের কুচি, ব্যাসন, জল ঝরানো টক দই, নুন, বিট লবণ, সর্ষের তেল, কলাপাতা।
রান্নার পদ্ধতি
প্রথমে ৪ পিস ভেটকি ভেটকি ফিলেগুলোকে সামান্য নুন এবং পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে ঢেকে রাখতে হবে বেশ কিছুক্ষণ। এবার একটি বাটিতে জল ঝরানো টক দই এবং সর্ষে পোস্ত বাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। ওর মধ্যে সামান্য কাঁচা লঙ্কা কুচি এবং ব্যাসন দিয়ে মিশ্রণটাকে আরও মাখো মাখো ভাবে মেখে নিতে হবে। শেষে সামান্য সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। সঙ্গে আন্দাজ অনুযায়ী নুন দিতে ভুলবেন না।
আরও পড়ুন: কাঁচা আম দিয়ে বাড়িতেই বানিয়ে নিন আম চিংড়ি, আঙুল চাটবে সবাই
এবার ওই মিশ্রণের মধ্যে ছোট ছোট পিস করে কেটে রাখা আমের টুকরো গুলো দিয়ে আরও একবার মাখিয়ে নিতে হবে ভালো করে। এবার একটি কলাপাতার টুকরো নিয়ে ওর মধ্যে একটি ম্যারিনেট করে রাখা ভেটকি মাছের টুকরো নিয়ে নিতে হবে। ওপর দিয়ে সর্ষে পোস্ত এবং ব্যাসনের মিশ্রণটা দিয়ে দিতে হবে। এরপর ভালো করে কাঠি দিয়ে কলাপাতাটাকে মুড়িয়ে নিতে হবে। শেষে প্যানে সামান্য সর্ষের তেল গরম করে কলাপাতা দেওয়া ভেটকি মাছ ভেজে নিতে হবে। ব্যাস তাহলেই তৈরি পাকা আম ভেটকি পাতুরি।










