সহেলি মিত্র, কলকাতা: অবশেষে বর্ষা ঢুকল কেরালামে। আর এরইসঙ্গে বাংলায় বর্ষা প্রবেশের কাউন্টাডাউন শুরু হয়ে গিয়েছে সকলের। যদিও শুক্রবার সকাল সকাল শুরু হয়ে ঘাম ঝরা। বিরক্তিকর গরমে প্রাণ ওষ্ঠাগত সকলের। তবে বেলার দিকে আবহাওয়া বদলের (Weather Today) আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে দাপট থাকবে ঝড়েরও বলে খবর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলী, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, নদীয়া, হুগলী, এবং মুর্শিদাবাদ জেলায় আছড়ে পড়বে ব্যাপক ঝড়-বৃষ্টি। ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়। যদিও এই বৃষ্টি খুব একটা স্বস্তি বয়ে আনবে না। উল্টে গরমের মাত্রা আরো কয়েক ধাপ বাড়িয়ে দেবে। তবে আগামী কয়েকদিনের মধ্যে পারদ পতনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে। এছাড়া কালবৈশাখী ঝড় সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়।
আগামীকালের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক শনিবার সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। এদিন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে। বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলী, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ঝড় বৃষ্টির আসল দাপট শুরু হবে আজ থেকে। উত্তরবঙ্গের কথা বললে, শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া বাদবাকি জেলাগুলিতেও চলবে ঝড় বৃষ্টির দাপট।
এদিকে অবশেষে কেরালায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এসে গেছে, যদিও এবার এর আগমন ১ জুনের স্বাভাবিক তারিখের চেয়ে তিন দিন দেরিতে হয়েছে। IMD- র মতে, আগামী কয়েকদিনের মধ্যে মৌসুমী বায়ু দ্রুত গোয়া, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং উত্তর-পূর্বের রাজ্যগুলির দিকে অগ্রসর হবে। আগামী সাত দিন কেরালা, তামিলনাড়ু এবং কর্ণাটকের অনেক এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আইএমডি ওড়িশা, রাজস্থান, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, দিল্লি এবং তেলেঙ্গানাসহ ২৪টি রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এবং প্রবল হাওয়ার জন্য সতর্কতা জারি করেছে।










