সৌভিক মুখার্জী, কলকাতা: পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেডের (Paytm Payments Bank) বিরুদ্ধে এবার বিরাট সিদ্ধান্ত নিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)। শুক্রবার অর্থাৎ ২৪ এপ্রিল একটি সরকারি আদেশের মাধ্যমে ব্যাঙ্কের লাইসেন্স বাতিলের কথা জানিয়ে দিয়েছে আরবিআই। ১৯৪৯ সালের ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট মেনে চলতে ব্যর্থ হওয়া আর আমানতকারীদের স্বার্থহানির আশঙ্কাতেই এই কঠোর পদক্ষেপ। কিন্তু কী প্রভাব পড়বে গ্রাহকদের উপর?
কেন বড়সড় সিদ্ধান্ত নিল আরবিআই?
আসলে রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, বারবার সতর্ক করা সত্ত্বেও পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক কেন্দ্রীয় ব্যাঙ্কের নির্দেশকাগুলি সঠিকভাবে পালন করেনি। অডিট রিপোর্ট দেখা যাচ্ছে যে, ব্যাঙ্কের কার্যপদ্ধতি আমানতকারীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। বিশেষ করে ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্টের ২২(৩)(বি), ২২(৩)(সি) এবং ২২(৩)(জি) ধারা লঙ্ঘনের দায়ে এই লাইসেন্স বাতিল করা হয়েছে।
কী কী পরিষেবা বন্ধ হচ্ছে এখন এই ব্যাঙ্কের?
লাইসেন্স বাতিলের সঙ্গে সঙ্গে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক এখন থেকে আর বেশ কিছু কাজ করতে পারবে না। প্রথমত, ২৪ এপ্রিল ব্যবসা বন্ধ হওয়ার সময় থেকেই কোনও ধরনের ব্যাঙ্কিং কার্যক্রম চালাতে পারবে না। দ্বিতীয়ত, গ্রাহকরা তাদের অ্যাকাউন্ট, ওয়ালেট বা প্রিপেড ইন্সট্রুমেন্টে আর কোনও টাকা জমা করতে পারবে না। এছাড়া ফাস্ট্যাগ বা ওয়ালেটে আর নতুন করে ক্রেডিট টপ-আপ নেওয়া হবে না।
এবার প্রশ্ন আসতে পারে যে, গ্রাহকদের টাকা কি সুরক্ষিত থাকবে? না, আতঙ্কের কোনও কারণ নেই বলেই জানিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। আরবিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ব্যাঙ্কের কাছে পর্যাপ্ত পরিমাণ তহবিল রয়েছে যার মাধ্যমে গ্রাহকদের সমস্ত দায়বদ্ধতা মিটিয়ে দেওয়া হবে। আর ব্যাঙ্কের উইন্ডিং আপ প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহকদের পাওনাও মিটিয়ে দেওয়া হবে। এ বিষয়ে শীঘ্রই হাইকোর্টে আবেদন জানাবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।
আরও পড়ুন: বিকেলেই দক্ষিণবঙ্গে ৬০ কিমিতে কালবৈশাখী, ঝেঁপে বৃষ্টি! আবহাওয়ার মুড বদল
জানিয়ে রাখি, পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের উপর বিধিনিষেধের প্রক্রিয়া শুরু হয়েছিল অনেক আগে থেকেই। ২০২২ এর ১১ মার্চ নতুন গ্রাহক নেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এমনকি ২০২৪ এর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে অ্যাকাউন্টে টাকা জমা এবং ওয়ালেট টপ-আপের উপর কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। আর এবার লাইসেন্স বাতিলের মাধ্যমে সেই অধ্যায়ের ইতি টেনেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।










