বিকেলেই দক্ষিণবঙ্গে ৬০ কিমিতে কালবৈশাখী, ঝেঁপে বৃষ্টি! আবহাওয়ার মুড বদল

Published:

South Bengal Weather Update

সহেলি মিত্র, কলকাতাঃ দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather Update) আবারও নতুন করে বদলে গেল। জেলায় জেলায় তাপপ্রবাহ, লু-এর পরিস্থিতি থাকলেও বাংলার আবহাওয়া যেন বদলাতে শুরু করেছে ক্রমেই। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আজ শনিবার থেকেই বাংলার আকাশ মেঘে ঢেকে যাবে, জায়গায় জায়গায় শুরু হবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আবার কিছু জেলায় কিন্তু আজ কালবৈশাখীর পূর্বাভাসও জারি করেছে হাওয়া অফিস। ইতিমধ্যে দুপুর হতে না হতেই বাংলার আকাশ কালো মেঘে ঢাকতে শুরু করেছে। বইতে শুরু করেছে ফুরফুরে হাওয়াও। তাহলে কি বিকেলের দিকে তেড়ে বৃষ্টি নামবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে? চলুন জেনে নেওয়া যাক।

কলকাতা সহ কিছু জেলায় কালবৈশাখীর সম্ভাবনা

হাওয়া অফিস জানিয়েছে, কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতা সহ বাংলার বেশ কিছু জেলায় তেড়ে বৃষ্টিপাত সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে কালবৈশাখীর দাপট শুরু হতে পারে। আজ শনিবাসরীয় বিকেল থেকেই হাওয়া বদল নিশ্চিত বাংলার। অর্থাৎ অবশেষে হাঁসফাঁস করা গরম থেকে রেহাই মিলতে চলেছে বলে আশাবাদী সকলে। হাওয়া অফিসের মতে, শনিবার দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করছে ঠিকই, তবে আবার দমকা হাওয়াও দিচ্ছে। আজ পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানের কিছু অংশে। যদিও আজ থেকেই কলকাতা সহ কিছু জেলায় নামবে বৃষ্টি।

আরও পড়ুনঃ রয়েছে ২৫,০০০-এর বেশি রান, ভারতে খেলতে পারবেন না জেনে অবসর নিলেন সেই প্লেয়ার

হাওয়া অফিসের পূর্বাভাস মতে, বিকেলের দিকে কলকাতা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মূলত একটি নিম্নচাপ অক্ষরেখা পূর্ব উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত যা বিহার, ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ০.৯ কিমি গড় সমুদ্রপৃষ্ঠের ওপর অবস্থান করছে। যে কারণে বাংলায় তীব্র ঝড় বৃষ্টি আসন্ন।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

দক্ষিণঙ্গে লু, অস্বস্তিকর গরম থাকলেও উত্তরবঙ্গে আজ থেকে রয়েছে ভারী বৃষ্টির ভ্রূকুটি। সকালে ইতিমধ্যে কয়েক পশলা হয়ে গিয়েছে বৃষ্টি। এখন বিকেলে, বিশেষ করে পার্বত্য জেলাগুলিতে শনিবার থেকেই ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় শনিবার থেকে সোমবার পর্যন্ত ৭০–১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৪০–৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস জারি করে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।