বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতে খেলতে পারবেন না জেনেই ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার সমিত প্যাটেল (Samit Patel)। জানা যাচ্ছে, ভারতে আয়োজিত একটি ক্রিকেট লিগে এক বছরের জন্য নিষিদ্ধ হয়ে গিয়েছিলেন সমিত। আর তারপরেই ঘরোয়া ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের জন্মগ্রহণকারী ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়। বলাই বাহুল্য, গত জানুয়ারি-ফেব্রুয়ারি নাগাদ গোয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড লেজেন্ডস প্রো টি-টোয়েন্টি লিগে খেলেছিলেন সমিত।
নিষিদ্ধ হওয়ার কারণেই অবসরের ঘোষণা
গোয়ায় অনুষ্ঠিত হয়ে যাওয়া ওয়ার্ড লেজেন্ডস প্রো টি-টোয়েন্টি লিগ ভারতীয় ক্রিকেট বোর্ড দ্বারা অনুমোদিত একটি টুর্নামেন্ট। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নিয়ম বলছে, এই ধরনের টুর্নামেন্টে যদি কোনও ক্রিকেটার নিষিদ্ধ হয়ে যান সে ক্ষেত্রে তিনি পরবর্তী 6 মাস ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে পারেন না। আর এসব কথা ভেবেই সমিতও ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
কয়েকটি সাক্ষাৎকারে ইংল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় জানিয়েছেন, “আমি খুব সম্ভবত ওই দিকে খেলতে পারতাম। আমাদের খেলা নিয়ে সমস্যা ছিল। এই নিয়ম বদলানো যেত না। তাই নিষিদ্ধ হওয়ার কারণে আমি অবসরের সিদ্ধান্ত নিয়েছি। তবে আমি ক্রিকেট ছাড়ছি না, শুধু ঘরোয়া ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রাখছি।”
অবশ্যই পড়ুন: গুজরাতকে গুটিয়ে দিয়ে বড় ইচ্ছে প্রকাশ করলেন বিরাট কোহলি
প্রসঙ্গত, 2002 সালে নটিংহ্যামশায়ারের হয়ে একজন অলরাউন্ডার হিসেবে অভিষেক হয়েছিল সমিতের। এরপর থেকে দীর্ঘ 22 বছর খেলা চালিয়ে গিয়েছেন তিনি। 2010 সালের কাউন্টি চ্যাম্পিয়নশিপ জয়ে প্যাটেলের বড় ভূমিকা ছিল। যে কথা অস্বীকার করা যায় না তা হল, ক্রিকেটে সমস্ত সংস্করণ মিলিয়ে 25,900-র বেশি রান রয়েছে প্যাটেলের। শুধু তাই নয় বল হাতেও 900-র বেশি উইকেট ভেঙেছেন তিনি। এহেন একজন ক্রিকেটারের ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট ছেড়ে দেওয়া বেশ খানিকটা ক্ষতির, তা বলাই যায়।
বলে রাখি, সমিত প্যাটেল ইংল্যান্ডের হয়েও আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। 2008 সাল থেকে 2015 সাল পর্যন্ত মোট 60টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছেন এই তারকা অলরাউন্ডার। এরমধ্যে 36টি ওয়ানডে, 18টি টি-টোয়েন্টি এবং 6টি টেস্ট রয়েছে। ভারতের বিপক্ষেও বহুবার নিজের দলের হয়ে মাঠ কাঁপিয়েছিলেন তিনি।










