সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে জন্য এবার বিরাট উদ্যোগ নিল কেন্দ্রীয় ব্যাঙ্ক আরবিআই (Reserve Bank of India)। প্রিপেইড প্রেমেন্ট ইন্সট্রুমেন্ট অর্থাৎ ডিজিটাল ওয়ালেট (Digital Wallet) এবং স্মার্টকার্ডের জন্য এবার নতুন নির্দেশিকার খসড়া জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক। সেই অনুযায়ী, ই-ওয়ালেটে টাকা রাখার ঊর্ধ্বসীমা বাড়িয়ে এবার ২ লক্ষ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এতে কী সুবিধা পাবে আমজনতা?
কী এই পিপিআই বা ডিজিটাল ওয়ালেট?
যারা জানেন না তাদেরকে জানিয়ে রাখি—পিপিআই হল এমন একটি পেমেন্ট ব্যবস্থা যেখানে গ্রাহক আগে থেকেই টাকা লোড করে রাখতে পারে এবং পরে সেখান থেকে কেনাকাটা কিংবা লেনদেনের কাজে অনায়াসে পেমেন্ট করতে পারে। সেক্ষেত্রে জনপ্রিয় ই-ওয়ালেট যেমন পেটিএম, ফোনপে ওয়ালেট বা মেট্রো কার্ড এই ব্যবস্থার আওতায় পড়ে। আরবিআই এগুলিকে জেনারেল পারপাস পিপিআই, গিফট পিপিআই বা ট্রানজিট পিপিআই-র মতো কয়েকটি ভাগে ভাগ করে রেখেছে।
রিজার্ভ ব্যাঙ্কের নতুন খসড়া প্রস্তাবের মূল পয়েন্ট
খসড়ায় ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক যেমনটা জানিয়েছে—
- এবার জেনারেল পারপাস পিপিআই বা ডিজিটাল ওয়ালেটে যে কোনও সময়ে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত রাখা যাবে।
- মাসে নগদের মাধ্যমে ওয়ালেটে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত লোড করা যাবে। আর বাকি টাকা ডিজিটাল মাধ্যমে যুক্ত করতে হবে।
- গিফট কার্ডের সর্বোচ্চ সীমা ১০ হাজার টাকা করা হবে এবং মেট্রো বা বাসের মতো ট্রানজিট কার্ডের সীমা হবে ৩ হাজার টাকা।
- লেনদেনের নিরাপত্তা বিধি, রিফান্ড প্রক্রিয়া সহজ করা আর গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য এবার আরও কড়া নিয়ম জারি করা হচ্ছে।
আরও পড়ুন: মিনিমাম ব্যালেন্স না রাখায় ১৯,০০০ কোটি আয় ব্যাঙ্কগুলোর! আপনার টাকা নেই তো?
কারা এই ওয়ালেট ইস্যু করতে পারবে?
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক স্পষ্ট জানিয়ে দিয়েছে—যে সমস্ত ব্যাঙ্কের ডেবিট কার্ড ইস্যু করার অনুমতি রয়েছে তারাই মুম্বাইয়ের পেমেন্ট এন্ড সেটেলমেন্ট সিস্টেম বিভাগকে তথ্য জানিয়ে এই পরিষেবা দিতে পারবে। এছাড়াও বিভিন্ন নন ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানগুলি আরবিআই-র অনুমতি নিয়ে ওয়ালেট পরিষেবা দিতে পারে। কিন্তু সেক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থার ন্যূনতম বাজার মূলধন হতে হবে ৫ কোটি টাকা।










