সক্রিয় মৌসুমি বায়ুর কবলে দক্ষিণবঙ্গ, রবিতে প্রবল বর্ষণের ভ্রূকুটি ২ জেলায়, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ আমূল পরিবর্তন হয়েছে বাংলার আবহাওয়ার (Weather Today)। বিশেষ করে গরম কমে দক্ষিণবঙ্গে স্বস্তি ফিরেছে। ভ্যাপসা গরম অনেকটাই কেটে গিয়েছে বাংলায়। সৌজন্যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া একাধিক সিস্টেম এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তা। এছাড়াও বিপুল জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। ফলে সব মিলিয়ে বাংলায় ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আজ রবিবার ছুটির দিন যেমন সে উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে প্ল্যান বানানোর আগে ঝটপট জেনে নিন আজ সারাদিন সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ মাঝারি থেকে ভারী বর্ষণের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনাও রয়েছে। এছাড়া বৃষ্টি চলবে বাকি জেলাগুলিতেও।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক রবিবার সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিস জানিয়েছে, এদিন ভারী থেকে অতি প্রবল ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়।

এর পাশাপাশি ভারী বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতে। চলতি সপ্তাহের মধ্যে উপ হিমালয় পশ্চিমবঙ্গ ও সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের কিছু কিছু জায়গায় ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। উপ হিমালয় পশ্চিমবঙ্গ ও সিকিমে ২১ জুন পর্যন্ত কিছু কিছু জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া

সোমবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। এরইসঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলতে পারে বাদবাকি জেলাগুলিতেও। দক্ষিণবঙ্গের কথা বললে, এদিন হালকা থেকে মাঝারি তো আবার বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়।