ডেলিভারি বয় থেকে Amazon-এ ‘সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার বিবেক

Published:

Success Story of Vivek Thumu

অনন্যা সরকার, অন্ধ্রপ্রদেশ: অনেকেই মনে করেন আইআইটি (IIT), এনআইটি (NIT) বা ট্রিপল আইটি (IIIT)-এর মতো প্রতিষ্ঠানের ডিগ্রি না থাকলে গুগল (Google), মাইক্রোসফ্ট (Microsoft) বা অ্যামাজন (Amazon)-এর মতো বড় মাল্টি-ন্যাশনাল কোম্পানিতে উচ্চ বেতনের চাকরি পাওয়া সম্ভব নয়। কিন্তু হায়দরাবাদের বিবেক থুমু প্রমাণ করে দিয়েছেন ধারাবাহিক প্রস্তুতি এবং অধ্যবসায় থাকলে জীবনে সব কিছুই অর্জন করা সম্ভব (Success Story of Vivek Thumu)। একসময় ডেলিভারি বয় হিসেবে কাজ করা বিবেক এখন অ্যামাজনে ‘সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার’ (SDE I/L4) হিসেবে যোগদান করেছেন। আসুন তাঁর এই সাফল্যের কাহিনীটি জেনে নেওয়া যাক। 

ফুড ডেলিভারি বয় থেকে সোজা অ্যামাজনের ইঞ্জিনিয়ার 

২০২১ সালে বিবেক শ্রীকাকুলামের রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ নলেজ টেকনোলজিস (RGUKT)-এ ভর্তি হন। তিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ৯.৬৮ সিজিপিএ (CGPA) নিয়ে বি.টেক (B.Tech) ডিগ্রি সম্পন্ন করেন। তাঁর মায়ের বহু দিনের স্বপ্ন ছিল তাঁদের ছোটো ভাঙাচোরা বাড়িটা ছেড়ে একটি স্থায়ী ও সুন্দর বাড়িতে থাকার। বিবেকও বিশ্বাস করতেন একটি ডিগ্রি ও কিছু সফটওয়্যার প্রজেক্ট থাকলে তিনি দ্রুতই ভালো বেতনের চাকরি পেয়ে যাবেন। 

কিন্তু বাস্তবটা ছিল সম্পূর্ণ ভিন্ন। ডিগ্রি এবং প্রজেক্টের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তিনি চাকরিই পাচ্ছিলেন না। এমনকি একটি ভালো সুযোগ হাতছাড়াও হয়ে যায়। আর্থিক সংকটে পড়ে তিনি হায়দরাবাদে পার্ট-টাইম চাকরির খোঁজ শুরু করেন এবং শেষ পর্যন্ত ডেলিভারি বয় হিসেবে কাজ করতে বাধ্য হন। সুযোগের সন্ধানে বিবেক এক শহর থেকে অন্য শহরে ঘুরে বেড়িয়েছেন, নিদ্রাহীন বহু রাত কেটেছে ভবিষ্যতের দুশ্চিন্তায়। এমন মুহূর্তও এসেছে যখন মায়ের প্রশ্নের কোনো জবাব দেওয়ার ভাষা খুঁজে পাননি তিনি।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে প্রথম ‘সুপার ফুড’ অ্যাভোকাডোর চাষ, নদিয়ার প্রগতিশীল কৃষকের সফল উদ্যোগ

কিন্তু বিবেক হার মানতে শেখেননি। প্রতিদিন সকালে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম (DSA) এবং লো-লেভেল ডিজাইন (LLD) প্র্যাকটিস করতেন। তাঁর বিশ্বাস ছিল, সাফল্য মানে কেবল কোনো অলৌকিক সুযোগের অপেক্ষায় বসে থাকা নয়, বরং সুযোগের জন্য নিজেকে সম্পূর্ণরূপে প্রস্তুত রাখা। বিবেক মনে করতেন, যেহেতু সময় তাঁর নিয়ন্ত্রণে নেই, তাই একমাত্র উপায় হলো কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়া ও নতুন কিছু শেখতে থাকা। বাকিটা তিনি ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছিলেন। অবশেষে, তাঁর জীবনে এমন একটি সুযোগ এল যা তিনি কল্পনাও করেননি।

বিবেক এখন অ্যামাজনের হায়দরাবাদের অফিসে ‘এসডিই ১/এল৪’ (SDE I/L4) হিসেবে যোগ দিয়েছেন। তিনি তাঁর বেতনের পরিমাণ প্রকাশ করেননি। তবে অ্যামাজনের এই পর্যায়ের (এন্ট্রি-টু-মিড লেভেল) পদের ক্ষেত্রে সাধারণত বার্ষিক প্যাকেজ ২৬ লাখ থেকে ৩৩ লাখ টাকার মধ্যে হয়। বিবেকের কথায়, প্রতিটি কঠিন সময়ে ঈশ্বরের ওপর পূর্ণ বিশ্বাস রেখেছিলেন তিনি, যা তাঁকে এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে। বিবেক থুমুর ডেলিভারি বয় থেকে অ্যামাজনের ইঞ্জিনিয়ার হয়ে ওঠার এই যাত্রা বর্তমানে বহু তরুণ-তরুণীর কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে।

google button