প্রীতি পোদ্দার, কলকাতা: পরিষ্কার নীল আকাশে (Sky) আমরা কম বেশি সকলেই একটা জিনিস বেশ খেয়াল করে দেখেছি, আর সেটি হল প্রায়ই আকাশে একটি লম্বা, সোজা সাদা রেখা চলে যায়। অনেকেই আমরা বলে থাকি রকেট যাতায়াতের কারণে এই সাদা রেখা (White Line in Sky) তৈরি হয়েছে। কখনও এটি ঘণ্টার পর ঘণ্টা থাকে, আবার কখনও দ্রুত অদৃশ্য হয়ে যায়। কিন্তু এটি রকেটের যাতায়াতের (GK) কারণে হয় না, হয়ে থাকে অন্য কারণে। চলুন সম্পূর্ণটা জেনে নেওয়া যাক আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে।
আকাশে কেন সাদা লম্বা দাগ দেখা যায়?
সাধারণ জ্ঞান যেমন আমাদের দেশ বিদেশের নানা তাজ্জব করা তথ্যের যোগান দেয়, তেমনই আবার এই সাধারণ জ্ঞানের ভাণ্ডারেই লুকিয়ে আছে এমন সব ভৌগোলিক এবং বৈজ্ঞানিক রহস্য যা প্রকৃতির সাধারণ আর খুবই চেনা ঘটনাকেও নতুন করে চেনায়। আসলে আমাদের চারপাশে অনেক কিছুই আছে যেগুলি সরাসরি বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত। অথচ আমরা সেটা খেয়াল রাখি না। ঠিক যেমন আকাশের সেই সাদা লম্বা দাগ। বৈজ্ঞানিক মতে, এই সাদা রেখাটি কোনো রকেটের দ্বারা তৈরি হয় না। আসলে এই সাদা রেখাটিকে কনট্রেইল বলা হয়।
কী কারণে এটি হয়?
বিজ্ঞানীদের কথায় ঘনীভবনের ফলে সৃষ্টি হয় কনট্রেইল রেখা। যখন আকাশে একটি জেট বিমান অনেক উঁচুতে ওড়ে, তখন এর ইঞ্জিন থেকে গরম গ্যাস এবং জলীয় বাষ্প নির্গত হয়। যেহেতু উঁচুতে তাপমাত্রা খুব কম থাকে প্রায় -৪০ থেকে -৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তখন জেট বিমানের ইঞ্জিন থেকে নিঃসৃত গরম বাষ্প হঠাৎ করে এমন ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসে এবং জলীয় বাষ্প সঙ্গে সঙ্গে ক্ষুদ্র বরফ কণায় পরিণত হয়। এই ক্ষুদ্র বরফ কণাগুলো একত্রিত হয়ে একটি সাদা রেখা তৈরি করে।
আরও পড়ুন: জানেন কোথায় হুইস্কির গ্লাসে বরফের বদলে মেশানো হয় মানুষের পায়ের আঙুল?
বলা যায়, এই সাদা দাগ মূলত মেঘেরই একটি অংশ। এই বরফ কণাগুলো যেহেতু ঠান্ডা তাই আর্দ্র বাতাসে দীর্ঘ সময় ধরে টিকে থাকে। কিন্তু বাতাস যদি শুষ্ক থাকে, তাহলে এগুলো দ্রুত বাষ্পীভূত হয়ে অদৃশ্য হয়ে যায়। তাই, কখনও কখনও রেখাটি স্বল্পস্থায়ী তো আবার কখনও দীর্ঘস্থায়ী দেখায়। অনেকেই যেহেতু এটিকে রকেটের যাতায়াতের সঙ্গে তুলনা করে সেক্ষেত্রে বলে রাখা ভালো রকেটের গতিপথ সাধারণত উপরের দিকে যায়, এবং এর ধোঁয়া এরোপ্লেনের অনুভূমিক কনট্রেইলের থেকে আলাদা হয়। তাই এই দৃশ্যটি খুবই সাধারণ।










