প্রীতি পোদ্দার, কলকাতা: ক্ষমতা হারাতেই সর্বস্ব খোয়াতে বসেছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দেশের সংসদেও ভেঙে খান খান তৃণমূল (All India Trinamool Congress)। বিদ্রোহ ঘোষণা করলেন ১৯ জন সাংসদ। লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন তাঁরা। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল সেই চিঠিতে সই রয়েছে যাদবপুরের সাংসদ সায়নী (Saayoni Ghosh) এবং হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachna Banerjee)। এছাড়াও বিদ্রোহী হয়েছেন ইউসুফ পাঠানও। প্রকাশ্যে এল এবার সম্পূর্ণ তালিকা।
চিঠিতে বিদ্রোহী সাংসদদের সই।
শোনা যাচ্ছিল, গত সোমবার, ২০ জন তৃণমূল সাংসদ এনডিএ শিবিরে যোগ দিতে চেয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছিলেন। সেই তালিকায় কারা রয়েছেন, তা নিয়ে দীর্ঘদিন ধরে বিস্তর জল্পনা চলছিল। দলীয় সূত্রে জানা গিয়েছে, বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বেই ওই চিঠি জমা দেওয়া হয়। অনেক সাংসদ প্রকাশ্যে কোনও মন্তব্য না করলেও তাঁদের স্বাক্ষর ওই তালিকায় দেখা গিয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে আজ, শুক্রবার প্রকাশ্যে এল ১৯ জন সাংসদদের সই করা চিঠি।
তালিকায় কারা কারা?
নথি অনুযায়ী, লোকসভার স্পিকারকে যে ১৯ জন সাংসদ দলের থেকে বিদ্রোহী হয়ে চিঠি পাঠিয়েছেন, তাঁরা হলেন— কাকলি ঘোষ দস্তিদার, জগদীশবর্ম বসুনিয়া, খলিলুর রহমান, ইউসুফ পাঠান, আবু তাহের খান, পার্থ ভৌমিক, বাপি হালদার, সায়নী ঘোষ, মালা রায়, মিতালি বাগ, দেব, কালীপদ সোরেন, জুন মালিয়া, অরূপ চক্রবর্তী, শর্মিলা সরকার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অসিত কুমার মাল, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ভাঙনের মরশুমে ঘোষিত তৃণমূলের নতুন কমিটিতে যুব সভাপতির দায়িত্ব পাওয়া সায়নী ঘোষ, যে কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সে এবার সই করেছেন।
আরও পড়ুন: অভিষেকের কাছে এক বিশেষ জিনিস খুঁজছে CID, কী সেটা? ফের করা হল তলব
প্রসঙ্গত, ৯ জুন দিল্লির ৯ মতিলাল নেহরু মার্গে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে বৈঠকের দিন সই করেছিলেন মোট ১৪ জন সাংসদ। কিন্তু পরে মত বদল করে আরও পাঁচ সাংসদ সই করেন। তাঁদের মধ্যে রয়েছেন মালা রায়, সায়নী ঘোষ, ইউসুফ পাঠান, মিতালি বাগ এবং রচনা বন্দ্যোপাধ্যায়। শেষ পাওয়া আপডেট অনুযায়ী জানা গিয়েছে, আগামী সোমবার, তৃণমূলের প্রায় ২০ জন সাংসদ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করবেন। আর সেখানেই পরবর্তী পদক্ষেপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিক্ষুব্ধরা।










