দ্বিতীয় দফায় কেমন ফল করবে বিজেপি? জানিয়ে দিলেন অমিত শাহ

Published:

Amit Shah

প্রীতি পোদ্দার, কলকাতা: সবে মিটেছে রাজ্যের প্রথম দফা নির্বাচন, ১৬ টি জেলার ১৫২ টি আসনে সম্পন্ন হয়েছে ভোটগ্রহণ। উল্লেখযোগ্য বিষয় হল স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে সর্বোচ্চ ভোটদান হল এবারের বিধানসভা নির্বাচনে (West Bengal Election 2026)। এদিকে প্রথম দফা ভোটের পরই রাজ্যে ভাল ফলের বিষয়ে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ১১০টিরও বেশি আসনে জিতবে বলে আশঙ্কা বিজেপির। এমতাবস্থায় দ্বিতীয় দফায় বিজেপির জয়ের আসন সংখ্যা নিয়ে বড় ভবিষ্যৎবাণী করলেন শাহ।

প্রথম দফাতেই এগিয়ে বিজেপি, দাবি শাহর

প্রথম দফা ভোটের পরই রাজ্যে ভাল ফলের বিষয়ে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার নিউটাউনে সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ফল নিয়ে জানিয়েছিলেন যে, “প্রথম দফার ভোটেই রাজ্যের মানুষের মনোভাব স্পষ্ট হয়ে গিয়েছে এবং তাতে বিজেপির পক্ষে শক্তিশালী সমর্থনের ইঙ্গিত মিলছে। আগামী ৪ মে ফলপ্রকাশ। তার পরে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ এই তিন অঞ্চলে বিজেপির শাসন প্রতিষ্ঠিত হবে।” তবে শুধু প্রথম দফা নয় দ্বিতীয় দফাতেও বিজেপি ভালো রান পেতে চলেছে বঙ্গের ময়দানে এমনই বিশ্বাস শাহের।

দ্বিতীয় দফা নিয়ে ভবিষ্যৎবাণী শাহের

আগামী ২৯ এপ্রিল, বুধবার, রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন হতে চলেছে। ১৪২টি আসনে ভোটগ্রহণ করা হবে। কিন্তু অনেকের ধারণা এই দফায় বিজেপিকে খানিক বেগ পেতে হবে। কারণ দ্বিতীয় দফায় যে যে জেলায় ভোট, সেখানে পাল্লা ভারী তৃণমূলের। যদিও অমিত শাহ-র দৃঢ় বিশ্বাস, “দ্বিতীয় দফায় এখানে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। অন্য বারের থেকে এবার কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে আমরা অনেক বেশি আসন পেতে চলেছি। নরেন্দ্র মোদিজির নেতৃত্বে ভারতের বিকাশের যে যাত্রা চলছে, বাংলার প্রথম দফার ভোটাররা স্পষ্ট করে দিয়েছে পশ্চিমবঙ্গও এতে জুড়তে চলেছে।”

আরও পড়ুন: ডাউন বর্ধমান-হাওড়া লোকালের চাকা জ্যাম, হুগলী-চুঁচুড়া স্টেশনের মাঝে থমকাল ট্রেন

প্রসঙ্গত, শাসকদলের দিকে আঙুল তুলে দমদমের একটি জনসভায় অমিত শাহ বলেছিলেন যে, “তৃণমূলের গুন্ডারা কলোনিতে গিয়ে, বড় বড় ফ্ল্যাটে গিয়ে বলে আসছে, ২৯ তারিখ বেরোবেন না। সমস্যা হবে। আমি আজ তৃণমূলের গুন্ডাদের বলে যাচ্ছি, ২৯ তারিখ আপনারা বাইরে বেরোবেন না, এবং বহুতলে থাকা ভোটারদের নিরাপত্তার জন্য সুব্যবস্থা করা হয়েছে। আপনারা নির্দ্বিধায় ভোট দিতে আসুন। এবার আপনাদের ভয় পাওয়ার কারণ নেই।” জানা গিয়েছে, দ্বিতীয় দফা ভোট পর্যন্ত এই রাজ্যেই থাকছেন তিনি। এখন দেখার দ্বিতীয় দফা ভোট নিয়ে শাহের ভবিষ্যৎবাণী কতটা বাস্তবায়িত হয়।