ডাউন বর্ধমান-হাওড়া লোকালের চাকা জ্যাম, হুগলী-চুঁচুড়া স্টেশনের মাঝে থমকাল ট্রেন

Published:

Down Bardhaman Howrah Local

প্রীতি পোদ্দার, কলকাতা: চাকা জ্যাম হয়ে মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ল ট্রেন! শনিবার, সাতসকালে ব্যস্ত সময়ে ট্রেন বিভ্রাটের জেরে নাজেহাল যাত্রীরা। জানা গিয়েছে, ব্রেক বাইন্ডিংয়ের জেরে হুগলি (Hooghly) ও চুঁচুড়া (Chinsurah) স্টেশনের মাঝে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকল ডাউন বর্ধমান-হাওড়া লোকাল (Down Bardhaman Howrah Local)। দেরি হওয়ার কারণে বাধ্য হয়ে যাত্রীদের অন্য ট্রেনে ওঠার ব্যবস্থা করা হয়। তার উপর প্রবল গরমেও নাজেহাল হতে হয় নিত্যযাত্রীদের।

মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন

সূত্রে জানা গিয়েছে, ডাউন বর্ধমান লোকাল ট্রেনটি চুঁচুড়া স্টেশনে নির্ধারিত সময় সকাল ৭টা ৯ মিনিটে ঢোকার কথা ছিল। কিন্তু হুগলি স্টেশন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ট্রেনের চাকায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ‘ব্রেক বাইন্ডিং’ হয়ে যাওয়ায় ট্রেনটি মাঝপথেই দাঁড়িয়ে পড়ে। যদিও ততক্ষণে যাত্রীরা তা বুঝতে পারেননি। প্রায় আধ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ট্রেনটি। গরমের মধ্যে ব্যাপক সমস্যার সম্মুখীন হন যাত্রীরা। শেষ পর্যন্ত উপায় না দেখে অনেক যাত্রী ট্রেন থেকে নেমে লাইন দিয়ে হেঁটে চুঁচুড়া স্টেশনের দিকে রওনা দেয়। অনেকে আবার পরবর্তী ডাউন ব্যান্ডেল লোকাল ধরেন।

১৫ মিনিট দেরিতে ট্রেন স্টেশনে পৌঁছায়

ব্রেক বাইন্ডিং হওয়ার খবর প্রকাশ্যে আসতেই যুদ্ধকালীন তৎপরতায় মেরামত করতে মাঠে নামেন কর্মীরা। এরপর কাজ শেষ হওয়ার পর ডাউন বর্ধমান লোকালটি পুনরায় হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয়। বর্তমানে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এদিকে ডাউন বর্ধমান লোকাল ট্রেনটির ব্রেক বাইন্ডিং হওয়ার ফলে অন্যান্য ট্রেনের সময়সূচীতে ব্যাপক প্রভাব পড়ে। পিছন থেকে আসা ব্যান্ডেল লোকালটিও নির্ধারিত সময়ের থেকে প্রায় ১৫ মিনিট দেরিতে চুঁচুড়া স্টেশনে পৌঁছায়।

আরও পড়ুন: সাগরদিঘি, জঙ্গিপুর, ফারাক্কায় হারছে তৃণমূল! বিস্ফোরক TMC প্রার্থী বায়রন বিশ্বাস

গরমের দিনে এমন ট্রেন বিপত্তির জেরে বিরক্ত একাধিক যাত্রী। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, কেন এই সমস্যা তা তিনি খতিয়ে দেখা হবে। যদিও আজ সপ্তাহের চতুর্থ শনিবার হওয়ায় অনেকের অফিস ছুটি থাকে। কিন্তু এই ছুটির দিনে অনেকেই নিজেদের বাড়ি ফেরেন বা ঘুরতে যান। কিন্তু ট্রেন আটকে যাওয়ায় স্টেশনে যেমন ভিড় বাড়ে ঠিক তেমনই আবার ট্রেনে আটকে থাকা কর্মীরাও গরমের মধ্যে বেশ বিরক্ত প্রকাশ করেন।