‘আর রাস্তায় নয়, মসজিদেই পড়তে হবে নামাজ!’ মুখ্যমন্ত্রীর নির্দেশের কথা জানালেন অর্জুন সিং

Published:

No Namaz On Roads

প্রীতি পোদ্দার, কলকাতা: দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে গত ৯ মে বঙ্গ রাজনীতিতে প্রথমবার প্রতিষ্ঠিত হল বিজেপি সরকার (Government Of West Bengal)। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। এদিকে রাজ্যের প্রশাসনিক দায়িত্ব গ্রহণের পর থেকেই একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরে পক্ষপাতহীন ভাবে, সকলকে সঙ্গে নিয়ে সরকার চালানোর বার্তা দিয়েছেন তিনি। এমতাবস্থায় চাঞ্চল্যকর মন্তব্য করলেন নোয়াপাড়ার বিজেপি বিধায়ক অর্জুন সিং (Arjun Singh)। স্পষ্ট জানিয়ে দিলেন রাস্তায় নমাজ পড়া আর বরদাস্ত (No Namaz On Roads) করা হবে না।

নমাজ পড়া নিয়ে কী বলছেন অর্জুন সিং?

রিপোর্ট মোতাবেক, গতকাল অর্থাৎ সোমবার নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং, সংবাদমাধ্যমকে জানান, “রাজ্যের শৃঙ্খলা সঠিকভাবে বজায় রাখার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে একাধিক বিষয়ে কঠোর নির্দেশ দিয়েছেন। দুর্নীতির ক্ষেত্রে যেমন ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে, ঠিক তেমনই সাধারণ মানুষের চলাচলের পথে যাতে কোনো ধর্মীয় জমায়েত বাঁধা না হয়ে দাঁড়ায় সেদিকেও নজর রাখা হচ্ছে।” পাশাপাশি, রাস্তায় নমাজ পড়ার কোনো অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট জানান তিনি। অর্থাৎ দুর্নীতি থেকে সামাজিক জনজীবন, সবেতেই কড়াকড়ির ইঙ্গিত দিচ্ছে শাসক শিবির।

আদালতের নির্দেশকে হাতিয়ার

অর্জুন সিং-এর মতে নমাজ পড়তে হলে মসজিদে যাওয়াই শ্রেয়। আইন-শৃঙ্খলা এবং নাগরিক শৃঙ্খলার ওপর বাড়তি জোর দিয়েই এই পরামর্শ তাঁর। গত ৯ মে, রাজ্যে পালাবদল হতেই প্রশাসনিক মেজাজ পরিবর্তন করতে উঠে পড়ে লেগেছে বিজেপি সরকার। অর্জুন সিং মনে করিয়ে দিয়েছেন যে, রাস্তায় নমাজ পড়া সীমিত করার পিছনে আদালতের সুনির্দিষ্ট নির্দেশ রয়েছে। তাই সব মিলিয়ে জনস্বার্থ এবং আদালতের নির্দেশকে হাতিয়ার করেই কড়া অবস্থান নিতে চলেছে নতুন সরকার। নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং এর স্পষ্ট মতামত দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি নাগরিক পরিষেবা স্বাভাবিক রাখাই এখন মূল লক্ষ্য।

আরও পড়ুন: হঠাৎ অসুস্থ মদন মিত্র, বেলভিউতে ভর্তি কামারহাটির বিধায়ক

উল্লেখ্য, গতকাল, সোমবার, পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। OMR শিটে কারচুপি থেকে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়া, এরকম একাধিক অভিযোগ উঠে এসেছে তাঁর বিরুদ্ধে। আর সেই গ্রেফতারি প্রসঙ্গে অর্জুন সিং জানান, “সব চোর ধরা পড়বে। পার পাবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ৬২টি পুরসভার চেয়ারম্যানের জেলে যাওয়া উচিত। সবাই তাঁরা চাকরি চুরিতে জড়িত রয়েছেন। এটা শুরু হয়েছে। শেষ হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত যাবে। চিন্তার কোনও কারণ নেই।”

google button