হঠাৎ অসুস্থ মদন মিত্র, বেলভিউতে ভর্তি কামারহাটির বিধায়ক

Published:

Madan Mitra Hospitalised

প্রীতি পোদ্দার, কলকাতা: অসুস্থ হয়ে পড়লেন বর্ষীয়ান তৃণমূল নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra Hospitalised)। গতকাল অর্থাৎ ১১ই মে কলকাতার বেলভিউ ক্লিনিকে (Belle Vue Clinic) তাঁকে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মদনের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অর্থাৎ ইউটিআই হয়েছে। তবে পরিস্থিতি আপাতত স্থিতিশীল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি।

শারীরিক অবস্থা স্থিতিশীল বিধায়কের

বিগত কয়েকদিন ধরেই নাকি কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর ইউরিন সংক্রমণ সংক্রান্ত উপসর্গ দেখা যাচ্ছিল। কিন্তু গতকাল সেই সমস্যা বেড়ে যাওয়ায় তড়িঘড়ি রাতেই কলকাতার বেলভিউ ক্লিনিকে ভর্তি করানো হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে মদন মিত্রের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আপাতত নতুন করে শারীরিক অবস্থার অবনতি হয়নি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল কামারহাটি তৃণমূল বিধায়ক কে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।

উদ্বিগ্ন অনুগামীরা

চিকিৎসকদের মতে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা UTI হল মূত্রতন্ত্র অর্থাৎ কিডনি, মূত্রনালী, মূত্রাশয়ের যেকোনও অংশে ব্যাকটেরিয়ার ব্যাপক সংক্রমণ। এই রোগ হলে প্রস্রাবে জ্বালাপোড়া এবং তলপেটে ব্যথার মতো উপসর্গ দেখা দেয়। তবে এখন মদন মিত্র সুস্থ আছেন। কিন্তু তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কামারহাটির বাসিন্দা এবং তাঁর অনুগামীরা। একে একে কম বেশি সকলেই হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করতে আসছে। আসলে বরাবরই তিনি রঙিন মেজাজে থাকতে অভ্যস্ত, তাই স্বাভাবিকভাবেই আচমকা তাঁর অসুস্থতা মেনে নিতে পারছেন না অনেকেই।

আরও পড়ুন: এরা আর পাবে না গ্যাসে ভর্তুকি! সাফ জানিয়ে দিল কেন্দ্র সরকার

প্রসঙ্গত, ২৬ এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হলেও কামারহাটি কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। ব্যক্তিগতভাবে জয় পেলেও, রাজ্যে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের আবহ রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্য তৈরি করেছে। সেই আবহের মধ্যেই হঠাৎ তাঁর অসুস্থতা নিয়ে উদ্বেগ ছড়াচ্ছে। এর আগে ভোকাল কর্ডে সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।