এরা আর পাবে না গ্যাসে ভর্তুকি! সাফ জানিয়ে দিল কেন্দ্র সরকার

Published:

LPG Gas Cylinder Subsidy

প্রীতি পোদ্দার, কলকাতা: পশ্চিম এশিয়ার যুদ্ধ সংকটের (West Asia Conflict) জেরে এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে বিশ্বব্যাপী তেল ও গ্যাস সঙ্কট দেখা দিয়েছে। ভারতও LPG-র ঘাটতির সম্মুখীন হচ্ছে, যার ফলে সরকার বেশ কিছু কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। এমতাবস্থায় খবরের শিরোনামে উঠে এল ভর্তুকির প্রসঙ্গ। জানা গিয়েছে, বাধ্যতামূলক ভাবে এবার গ্রাহকদের একাংশের রান্নার গ্যাস সিলিন্ডারে ভর্তুকি (LPG Gas Cylinder Subsidy) পাওয়ার সুবিধা বন্ধ করতে বড় উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। সকলের কাছে পাঠানো হচ্ছে বার্তা।

LPG সাবসিডি নিয়ে পাঠানো হচ্ছে SMS

SMS এর মাধ্যমে LPG গ্রাহকদের জানানো হচ্ছে, যেসব ব্যক্তি বা তাঁদের পরিবারের কোনও সদস্যের বার্ষিক আয় ১০ লক্ষ টাকার বেশি, তাঁদের ৭ দিনের মধ্যে নিজেদের তথ্য আপডেট করতে হবে। এছাড়াও মেসেজের মাধ্যমে আরও সতর্ক করা হয়েছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য না দিলে LPG সাবসিডি বা ভর্তুকি বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ কর নথির মাধ্যমে গ্যাস ভর্তুকি যাচাই করা হচ্ছে। আসলে এমন বহু গ্রাহক আছে যাঁরা ভর্তুকির অপব্যবহার করছেন, তাই সেই কাজ রুখতে এবং শুধুমাত্র স্বল্প আয়ের ব্যক্তিরাই যাতে সিলিন্ডারের উপর ভর্তুকি পান তা স্পষ্ট করতে বড় পদক্ষেপ নিল পেট্রোলিয়াম মন্ত্রক।

৭ দিনের মধ্যে তথ্য আপডেট

উল্লেখ্য, গত কয়েক বছরে সরকার ‘Give Up’ অভিযানের মাধ্যমে আর্থিকভাবে সক্ষম মানুষদের স্বেচ্ছায় সাবসিডি ছেড়ে দেওয়ার আবেদন জানিয়ে এসেছে। যদিও ততদিন ব্যাপারটি ঐচ্ছিক ছিল, কিন্তু এখন পশ্চিম এশিয়ায় যুদ্ধ সংকটের জেরে জ্বালানি সংকট বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ বাধ্যতামূলক করা হয়েছে। জানা গিয়েছে গ্রাহকরা LPG ডিস্ট্রিবিউটর বা তেল বিপণন সংস্থার অফিসিয়াল পোর্টালে গিয়ে তথ্য আপডেট করতে পারবে। কিন্তু সাত দিনের মধ্যে যদি এই কাজ না হয় তাহলে পরের সিলিন্ডার থেকে বন্ধ হবে ভর্তুকি।

আরও পড়ুন: জ্বালানি সঙ্কটে বড় সিদ্ধান্ত! স্কুলগুলিতে অনলাইন ক্লাসের পরামর্শ প্রধানমন্ত্রীর

জানা গিয়েছে, LPG ভর্তুকি বার্তা ইতিমধ্যেই কেরল, নয়াদিল্লি, গুজরাটে চালু হয়ে গিয়েছে। তবে এখনও কলকাতায় চালু হয়নি এই প্রসেস। কলকাতায় গ্যাস ডিলার বা বিক্রেতারা জানিয়েছেন, তাঁদের কাছে এই নিয়ে নির্দেশিকা আসেনি। অনেকেই আবার জানিয়েছেন, বিষয়টি মন্ত্রকের পক্ষ থেকে আয়কর দফতরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এদিকে তেল সংস্থা সূত্রের বার্তা, উজ্জ্বলা-সহ যে গ্রাহকদের ভর্তুকির প্রয়োজন, তাঁরা যাতে টাকা ঠিকঠাক পান, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। এখন দেখার এই ব্যবস্থা কতটা সফলতা অর্জন করে।