জ্বালানি সঙ্কটে বড় সিদ্ধান্ত! স্কুলগুলিতে অনলাইন ক্লাসের পরামর্শ প্রধানমন্ত্রীর

Published:

Narendra Modi

প্রীতি পোদ্দার, কলকাতা: আবার ফিরছে অনলাইনে পঠন পঠন ব্যবস্থা (Online Classes)? পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে এবার বড় সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সোমবার ফের গুজরাট থেকে পেট্রল, ডিজ়েল, রান্নার গ্যাস, ভোজ্য তেল এবং সোনা কেনায় রাশ টানার বার্তা দিলেন মোদী। সঙ্গে জ্বালানির খরচ কমানোর (Fuel Crisis) জন্য পড়ুয়াদের অনলাইন ক্লাসের ব্যবস্থা নিয়ে জোর দিলেন তিনি। তবে কি সম্মুখে ঘনিয়ে আসছে ভয়ংকর বিপদ?

অনলাইন ক্লাসের ব্যবস্থায় জোর

রিপোর্ট অনুযায়ী গতকাল, অর্থাৎ সোমবার গুজরাটের ভদোদরার সর্দারধাম হস্টেলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বললেন, ‘পশ্চিম এশিয়ায় যা চলছে তা আগে কেউ কখনও দেখেনি। তবে কোভিড অতিমারির সময় দেশ যেমন একসঙ্গে মোকাবিলা করেছিল, তেমনই এই পরিস্থিতিও কাটিয়ে ওঠা সম্ভব। এই অবস্থায় কিছু স্কুলকে অনলাইন ক্লাসের ব্যবস্থা নিয়ে ভাবার অনুরোধ করব।’ তিনি মনে করছেন প্রযুক্তির ব্যবহার বাড়ালে জ্বালানির ব্যবহার অনেকটাই কমানো সম্ভব হবে। আর শুধু স্কুল বা অফিস নয়, সরকারি ও বেসরকারি ক্ষেত্রেও ভার্চুয়াল বৈঠক এবং ওয়ার্ক ফ্রম হোম বাড়ানোর পরামর্শ দেন।

কী বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?

পশ্চিম এশিয়ায় ইরান আমেরিকার যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ প্রণালী বন্ধ। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। তেলবাহী সব জাহাজ থমকে রয়েছে। আর তার সরাসরি প্রভাব পড়ছে ভারতের বৈদেশিক মুদ্রা ভাণ্ডারের উপর। কারণ, বিপুল পরিমাণ জ্বালানি আমদানি করতে হয় দেশকে। মোদী বলেন, “বিদেশ থেকে বহু পণ্য আমদানি করতে ভারতকে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করতে হয়। একই সঙ্গে আমদানিকৃত পণ্যের দামও বাড়ছে, বিশ্বজুড়ে ধাক্কা খেয়েছে সরবরাহ ব্যবস্থাও।” তাই দেশের সম্পদের উপর চাপ কমাতে নাগরিকদের একত্রিত ভাবে পেট্রল-ডিজেল বাঁচানোর উদ্যোগ নিতে বলা হয়েছে।

শিক্ষাব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন

প্রসঙ্গত, পড়ুয়াদের অনলাইন পঠনপাঠন ব্যবস্থা চালু হয়েছিল করোনার সময়ে। সেক্ষেত্রে শহরাঞ্চলের পড়ুয়াদের ক্ষেত্রে কিছু সুবিধা থাকলেও গ্রামাঞ্চলে এই অনলাইন ক্লাস নিয়ে নানা সমস্যা দেখা গিয়েছিল। ভালো নেটওয়ার্ক ব্যবস্থা না থাকায় এবং আর্থিক অনটনের কারণে অনেকেই এই পরিষেবা থেকে বঞ্চিত ছিল। তাই এবারও পড়ুয়াদের অনলাইন পঠনপাঠন ব্যবস্থা নিয়ে আলোচনা হতেই রাজনৈতিক ও সামাজিক মহলে নানা প্রশ্ন উঠে এসেছে। ফলে নতুন করে সেই ব্যবস্থার ইঙ্গিত কতটা বাস্তবায়িত হবে, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা।

আরও পড়ুন: মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ২৫০০ টাকা! জুন থেকেই আবেদন, চালু হচ্ছে পোর্টাল

উল্লেখ্য, গত রবিবার তেলেঙ্গানার সেকেন্দরাবাদের একটি সভাতেও পেট্রল ডিজেল, ভোজ্য তেল, রান্নার গ্যাসের ব্যবহার কমানোর আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, বৈদেশিক মুদ্রাভাণ্ডারে যাতে কোপ না পড়ে, তার জন্য আগামী এক বছর বিদেশ ভ্রমণ, সোনা কেনায় রাশ টানার কথাও শোনা গিয়েছিল তাঁর মুখে। পাশাপাশি ডেস্টিনেশন ওয়েডিং করা থেকেও বিরত থাকতে অনুরোধ করেছেন মোদী। তাই আপাতত বিদেশে বেড়াতে যাওয়া বা বিলাসবহুল অনুষ্ঠানের পরিকল্পনা এড়ানো উচিত।