“মমতার সভার থেকে বিরিয়ানির দোকানে ভিড় বেশি” ছবি পোস্ট করে কটাক্ষ বিজেপির

Published:

Serampore

সৌভিক মুখার্জী, কলকাতা: ক্ষমতায় থাকাকালীন যাঁর এক ডাকেই লক্ষ লক্ষ মানুষ জমায়েত হতেন, সেখানে ক্ষমতা চলে যাওয়ার পর একেবারে উল্টো চিত্র। হাইকোর্টের অনুমতি পেয়ে শ্রীরামপুর (Serampore) কোর্ট ময়দানে শনিবার জনসভা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে সেখানে দলীয় কর্মীদের উপস্থিতি নিয়ে এবার শাসক দলের কটাক্ষের শিকার হতে হল মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে। বিরিয়ানির দোকানেও নাকি মমতার সভার চেয়ে বেশি লোক হয় বলে কটাক্ষ গেরুয়া শিবিরের।

মমতার সভা নিয়ে ট্রোল বিজেপির

শ্রীরামপুরে বিজেপি কর্মীদের অত্যাচার এবং পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদেই প্রথমে এই কর্মসূচির ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আগের মতোই রাজ্য প্রশাসনের তরফ থেকে মেলেনি সভার অনুমতি। ভোটে ভরাডুবির পর এটাই ছিল মমতার প্রথম জেলা সফর। তবে অনুমতি না মেলায় প্রথমে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। প্রথমে বিচারপতি শর্তসাপেক্ষে অনুমোদন প্রদান করলেও পরে জমি জটিলতার কারণে তা প্রত্যাহার করে নেওয়া হয়। তবে ফের সেই মামলার শুনানিতে শর্ত মারফত শ্রীরামপুরে সভার অনুমতি পান মমতা।

এদিকে আজ মমতার সভায় যোগ দিতে গিয়েই ডিম হামলার শিকার হয়েছেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। বিজেপির কর্মীদের উপর আক্রমণের অভিযোগ তুলে সভার আগেই সুর চড়িয়েছিলেন দলনেত্রী। তবে যেখানে শহীদ দিবস বা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতায় মমতার সভায় পা ফেলার জায়গা ছিল না, সেখানে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেল হুগলির শ্রীরামপুরে। ফাঁকা মাঠে হাতেগোনা কয়েকজন দর্শক নিয়েই এদিন বিজেপি এবং জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তোপ দাগেন মমতা। এমনকি দর্শকদের মধ্যে থেকে কেউ চিৎকার করলে তার জবাবও দিতে শোনা যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

আরও পড়ুন: ‘তিন মাসে ইন্ডাস্ট্রি তৈরি হয় না, এগুলো সব আমার করা!’ শ্রীরামপুরে বললেন মমতা

ক্ষমতা হারানোর পর প্রতীক এবং দলের নামও খুইয়েছেন তৃণমূল নেত্রী। যেখানে তিনি বিজেপিকে বাংলা তথা গোটা দেশ থেকে তাড়ানোর হুঁশিয়ারি দিচ্ছেন, সেখানে এই ফাঁকা সভামঞ্চ নিয়েই এবার মমতার শিবিরকে চরম কটাক্ষ করল শাসক দল। বিজেপি ওয়েস্ট বেঙ্গলের ফেসবুক পেজে মমতার সভা এবং ব্যারাকপুর দাদা-বৌদি বিরিয়ানি হোটেলের ভিড়ের দুটি চিত্র দেখিয়ে লেখা হয়েছে, “শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচারে ভরা সভার তুলনায় বিরিয়ানির রেস্তোরাঁয় ভিড় অনেক বেশি।” যদিও এ নিয়ে তৃণমূলের তরফ থেকে মেলেনি কোনও প্রতিক্রিয়া।

google button