দিঘার জগন্নাথ মন্দির নিলামের দাবি তুললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য!

Published:

Suvendu Adhikari

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যের প্রশাসনিক ক্ষমতার রদবদল হতেই এবার ‘দিঘার জগন্নাথ ধাম থেকে ‘ধাম’ শব্দ তুলে নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ওড়িশা মুখ্যমন্ত্রীর অনুরোধে সাড়া দিয়ে এবার দিঘার মন্দির (Digha Jagannath Temple) কমপ্লেক্সের নতুন নাম রাখলেন ‘শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র’। এদিকে এই নয়া প্রস্তাবে রাজ্য রাজনীতিতে নয়া বিতর্ক শুরু হতেই মন্দির নিলামে তোলার দাবি তুললেন প্রবীণ বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য (Bikashranjan Bhattacharyya)। ইতিমধ্যেই ভাইরাল তাঁর সেই পোস্ট।

দিঘার জগন্নাথ মন্দির আর ‘ধাম’ নয়!

পূর্বতন সরকারের আমলে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্মাণ করেছিলেন দিঘার জগন্নাথ ধাম। কিন্তু শুরু থেকেই সেই মন্দির নিয়ে একাধিক বিতর্ক শুরু হয়েছিল। যার মধ্যে অন্যতম ছিল এই ‘ধাম’ শব্দটি। জানা গিয়েছিল, পুরীর মতো দিঘাতে জগন্নাথ মন্দিরকে ‘ধাম’ বলা নিয়ে মমতার সঙ্গে তীব্র বিতণ্ডা তৈরি হয়েছিল ওড়িশা সরকারের। এমনকি সেই সময় পুরীর মহারাজও এই প্রসঙ্গে অসন্তোষ প্রকাশ করেছিলেন। কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। তাই এবার রাজ্যে বিজেপি সরকার আসতেই ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির প্রস্তাব মেনে ধাম শব্দ প্রত্যাহার করা হল। আর এবার সেই নিয়ে মুখ খুললেন বাম নেতা।

কী বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য?

গতকাল, মঙ্গলবার সমাজ মাধ্যমে প্রবীণ বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য একটি পোস্টে লিখেছিলেন যে, “ওড়িশা রাজ্যের বিজেপি সাংসদ সম্বিত পাত্রকে পাশে বসিয়ে এ রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, দীঘায় মমতা স্থাপিত সরকারি টাকায় নির্মিত জগন্নাথের মন্দির জগন্নাথ ধাম হিসেবে চিহ্নিত হবে না। সরকারি টাকায় মন্দির নির্মাণ অসাংবিধানিক ও সুনীতি সম্পন্ন নয়। শুভেন্দু বাবু নাকি মমতার অসাংবিধানিক কাজ বাতিল করছেন, তাহলে সরকারের তহবিল ফিরিয়ে আনতে দীঘার মন্দিরটি নিলাম করে দেওয়ার সিদ্ধান্ত কবে নেবেন??”

আরও পড়ুন: গ্রেফতারি আসন্ন? অভিষেকের বিরুদ্ধে এবার মারাত্মক অভিযোগে থানায় FIR

আইনজীবী প্রবীণ বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য আরও জানিয়েছিলেন যে, “মন্দির ভক্তরা মন্দির চালাবেন। নিলামের টাকা দিয়ে স্কুল খুলে ও নিয়মিত মিড ডে মিল চালু রেখে সাংবিধানিক দায়িত্ব পালন করবে প্রজাতন্ত্রিক রাজ্য সরকার। আশা করি, নব নির্বাচিত শুভেন্দু বাবু খুব দ্রুত এই সাংবিধানিক সিদ্ধান্ত গ্রহণ করবেন।” মুহূর্তের মধ্যে এই পোস্ট ভাইরাল হতে যায়। যদিও এই বিষয়ে নিয়ে এখনও বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।