নিজের বিধানসভায় সাংসদকে ঢুকতে দিতেন না ইন্দ্রনীল সেন! বিস্ফোরক অভিযোগ রচনার

Published:

Rachna Banerjee

সৌভিক মুখার্জী, কলকাতা: তৃণমূল ছেড়ে এখন এনসিপিআইতে হুগলির সাংসদ অভিনেত্রী রচনা ব্যানার্জি (Rachna Banerjee)। মমতা শিবিরের সঙ্গে নেই কোনও সংযোগ। এদিকে তৃণমূল আমলের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে (Indranil Sen) সম্প্রতি গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। দুর্গাপুজোর পাস মোটা টাকার বিনিময়ে বিক্রির অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। মমতার আমলে চন্দননগরের বিধায়ক ছিলেন তিনি। তবে তাঁর নিজের বিধানসভা এলাকাতেই সাংসদ আসার সুযোগ পেতেন না বলে অভিযোগ রচনা ব্যানার্জীর। করলেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।

ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রচনা ব্যানার্জীর

দুর্গাপুজোর পাস চড়া দামে বেআইনিভাবে বিক্রির অভিযোগ ছিল রাজ্যের প্রাক্তন তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রীর বিরুদ্ধে। মার্স আর্ট নামক একটি সংস্থার মারফত সেই টাকা তোলা হতো বলেই অভিযোগ। সম্প্রতি দুর্নীতির খাতায় তাঁর নাম উঠতেই তলব করে ইডি। চতুর্থ দিন ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন ইন্দ্রনীল। তবে সিজিও কমপ্লেক্সের বাইরেই অপেক্ষা করে কলকাতা পুলিশ। জেরা শেষে বেরোনো মাত্রই তাঁকে গ্রেফতার করে লালবাজার নিয়ে যাওয়া হয়। আপাতত জেলবন্দি রয়েছেন মমতার ‘তানসেন’। এবার তাঁকে নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন রচনা।

মিডিয়ার সামনে গতকাল হুগলির সাংসদ বলেন, “দেখুন, এটা নিয়ে আমি কিছু বেশি মন্তব্য করব না। কারণ রায় দেওয়ার জন্য কোর্ট থাকবে। এবং পুলিশ আছে, সবাই মিলে ডিসিশন নেবেন। এরপরে আমার কোনও মন্তব্য নেই। কারণ আমি ওনাকে, সত্যি কথা বলতে সেই অর্থে খুব একটা ভালো করে চিনতামও না। উনি আমার বিধায়ক ছিলেন। কিন্তু সেই অর্থে আমি কোনও দিন চন্দননগর যেতেই পারিনি। উনি পছন্দ করতেন না। ওনার ইনভিটেশন ছাড়া আমি কখনও চন্দননগর যাইনি। এবং সবসময় উনি বলতেন, এমপি তখনই আসবেন যখন আমি বলব।”

আরও পড়ুন: একসময় বলা হত ‘Naughty Boy’, সেই GSLV রকেট সফলভাবে উৎক্ষেপণ ইসরোর, কী কাজ?

রচনা আরও বলেন, “চন্দননগরবাসীর কাছে আমি এক-দুবার যখনই গেছিলাম, দুঃখ প্রকাশ করেছিলাম। আমি আসতে চাইলেও আসতে পারি না আপনাদের সকলের কাছে। এই মুহূর্তে আমি সেই মানুষটিকে নিয়ে খুব একটা বেশি কথা বলতে পারব না। তাঁর সঙ্গে সেই অর্থে আমি খুব একটা একসঙ্গে কাজ করতে পারিনি। আর আমি যেহেতু তাঁদের দলের মানুষ নই, তাই তাঁদের নেতা-নেত্রীদের নিয়ে কথা বলা ভালো দেখায় না। বাধা দিত না। কিন্তু উনি পছন্দ করতেন না যে সাংসদ আসুক ওনার জায়গায়। এবং সাংসদ এসে কোনও অনুষ্ঠান করুক সেটাও উনি পছন্দ করতেন না।”

google button
TRENDING সবচেয়ে বেশি পড়া ← বাদিকে স্ক্রল করুন