প্রীতি পোদ্দার, কলকাতা: আগামীকাল, বুধবার ২৬ এর বিধানসভার দ্বিতীয় দফায় নির্বাচন (West Bengal Election 2026) হতে চলেছে। জানা গিয়েছে, সাত জেলার মোট ১৪২টি আসনে হবে ভোটগ্রহণ। হবে। এদিকে শেষ মুহূর্তে ভোট কেন্দ্রের নিরাপত্তা খতিয়ে দেখছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। এমতাবস্থায় খবরের শিরোনামে উঠে এসেছেন উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মা (Ajay Pal Sharma)। দায়িত্ব পেয়েই রীতিমত ফলতার তৃণমূল প্রার্থীকে তুলোধোনা করলেন। আর সেই নিয়ে তাই পাল্টা জবাব দিলেন ফলতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খান (Jahangir Khan)।
জাহাঙ্গির খানকে সতর্ক করলেন অজয়
প্রতিবার নির্বাচনের সময় ভাঙড়, ক্যানিং, মিনাখাঁ, বাসন্তীর মতো এলাকায় উত্তেজনা চরম আকার নেয়। এবার যাতে সেই পরিস্থিতি তৈরি না হয় এবং অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হয় সেই কারণে নির্বাচন কমিশন দক্ষিণ ২৪ পরগনার পর্যবেক্ষক হিসেবে নিয়োগ উত্তরপ্রদেশের দাবাং অফিসার হিসেবে খ্যাত IPS অফিসার অজয় পাল শর্মা। আর তারপরেই বঙ্গে এসে রাজনৈতিক সংঘর্ষের সমাধানের কাজে লেগে পড়েন তিনি। সরাসরি এলাকায় গিয়ে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের পরিবারকে সতর্ক করে আসেন।
ভাইরাল ভিডিও
রিপোর্ট মোতাবেক, গতকাল অর্থাৎ সোমবার ডায়মন্ড হারবারের ফলতা এলাকায় সাধারণ মানুষ অভিযোগ করছিলেন যে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান এবং তাঁর লোকজন ভোটারদের ভয় দেখাচ্ছেন, ভোট দিতে যেতে বারণ করছেন এবং জোর করে ভোটার কার্ড হাতিয়ে নিচ্ছেন। কমিশনের আদেশে জাহাঙ্গিরের বাড়িতে পৌঁছয় আইপিএস অজয় পাল শর্মা ও কেন্দ্রীয় বাহিনী। কিন্তু সেই সময় জাহাঙ্গির খান বাড়িতে না থাকায় তাঁর পরিবারকে রীতিমতো ধমক দিয়ে আসেন সিংহম অজয় শর্মা। ভাইরাল হওয়া ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “ওকে বলে দেবেন, আমরা সব খবর নিচ্ছি। পরে কেঁদে-কেটে কোনো লাভ হবে না।” এরপরই সেই হুঁশিয়ারি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তৃণমূল।
পাল্টা জবাব জাহাঙ্গিরের
ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই তৃণমূল এবং বিজেপি নিজেদের মতো করে এই নিয়ে মতামত রাখতে শুরু করে। এমতাবস্থায় IPS এর মন্তব্য নিয়ে মুখ খুললেন জাহাঙ্গির খান। তিনি জানিয়ে দিলেন, “ এই ধরনের হুমকিতে আমি ভয় পাই না। বিজেপির দালাল CRPF-কে বলব, এখানে এসে জনসমুদ্র দেখে যাও। এখানে প্রত্যেকেই আমার মা দুর্গার মতো। দুর্গারূপে যেমন অসুর বধ হয়, তেমনই বিজেপির দালালদের কীভাবে ‘টাইট’ করতে হয়, তা এরা ভালো করেই জানে। তাই তাদের হুমকিতে আমরা ভয় পাই না।”
আরও পড়ুন: মাত্র ৮ কিমি জমি হস্তান্তর! সীমান্তে বেড়া নিয়ে রাজ্য সরকারকে তুলোধোনা হাইকোর্টের
ফলতা তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান আরও জানান, “গতকাল বিকেল ৩টার দিকে তিনি এসে এই দলীয় কার্যালয়ে আমার নিরাপত্তার ওপর হুমকি দেওয়ার চেষ্টা করেন। এমনকি বাড়িও জন আমার। কিন্তু নির্বাচন কমিশনের এমন কোনো নিয়ম নেই যে একজন পুলিশ পর্যবেক্ষক মানুষের বাড়িতে গিয়ে তাদের হুমকি দিতে পারেন। বিজেপিকে সাহায্য করার জন্য এই লোকেরা বেআইনি কাজ করছে। এরা অনেক খেলা দেখাচ্ছে। খেলা তোমরাই শুরু করেছ, শেষ আমরা করব। পিকচার এখনও বাকি আছে বন্ধু। এখানকার মানুষ যদি রাস্তায় নামে, তাহলে তোমরা হাওয়ায় উড়ে যাবে।”










