কলকাতা থেকে মেট্রো চেপে সোজা হাবড়া, অশোকনগর! বড়সড় প্রতিশ্রুতি অমিত শাহের

Published:

Amit Shah

প্রীতি পোদ্দার, কলকাতা: হাবড়া (Habra) ও অশোকনগরে (Ashoknagar) পরিবহন ব্যবস্থায় আসতে চলেছে বড় পরিবর্তন! চালু হবে মেট্রো পরিষেবা (Metro Service)! বুধবার হাবড়ার এক নির্বাচনী জনসভা থেকে প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শুধু তাই নয়, পরিবহন ব্যবস্থা উন্নতমানের করতে শহরে আনা হবে একাধিক পরিষেবা। স্বাভাবিকভাবেই এই ঘোষণায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

হাবড়া ও অশোকনগরে চালু হবে মেট্রো!

গত বুধবার হাবড়ার বাণীপুর চৌমাথা সংলগ্ন আম্বেদকর মাঠে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছিল। সেখানে হাবড়ার বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল এবং অশোকনগরের প্রার্থী সুময় হীরার সমর্থনে প্রচারে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই তিনি মেট্রো রেল চালু করার আশ্বাস দিলেন। তিনি বলেন, “হাবড়া ও অশোকনগরের ক্রমবর্ধমান যানজট ও জনসংখ্যার চাপের কথা মাথায় রেখে মেট্রো প্রকল্পের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সরকার গঠন হলে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ইতিবাচক প্রভাব পড়বে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে

ব্যবসায়ী কেন্দ্র হিসাবে বর্তমানে হাবড়া বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সবসময় অসংখ্য লোকের ভিড় চোখে পড়ে। পিছিয়ে নেই অশোকনগরও। জনসংখ্যা বৃদ্ধি এবং যানবাহনের চাপ বেড়েছে। ফলে দীর্ঘদিন ধরেই এই দুই শহরে উন্নত গণপরিবহণের দাবি উঠছিল। সেক্ষেত্রে মেট্রো পরিষেবা চালু হলে সেখানকার পরিবহণ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। দীর্ঘদিনের যানজট সমস্যা থেকে মুক্তি মিলবে তো বটেই তার সঙ্গে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক হাবড়ার এক বাসিন্দা বলেন, “আমাদের এখানে প্রচুর মানুষ আসেন। তীব্র যানজট তৈরি হয়। সেক্ষেত্রে মেট্রো চললে অনেক সমস্যার সমাধান হবে।”

আরও পড়ুন: ২% DA বাড়ায় মিলবে মাত্র ৩৬০ টাকা, মূল্যবৃদ্ধির বাজারে আদৌ স্বস্তি পাবেন কর্মীরা?

উল্লেখ্য, রাজ্যে মেট্রো পরিষেবা চালু হওয়া নিয়ে একাধিক সমস্যার মুখোমুখি হতে হয়। কখনও জমি জটের সমস্যা থাকে তো কখনও আবার অন্যান্য প্রশাসনিক জটিলতা, তাইতো মেট্রো রুট সম্প্রসারণ করা খুবই চাপের বিষয় হয়ে ওঠে। অনেকদিন ধরেই শোনা যাচ্ছে বারাসত ও বারাকপুর পর্যন্ত প্রস্তাবিত রুটে মেট্রো পরিষেবা চালু হতে চলেছে কিন্তু এখনও পর্যন্ত কোনও কাজই শুরু হয়নি। তাই সেক্ষেত্রে হাবড়া পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করার প্রতিশ্রুতিকেও অনেকে দিবাস্বপ্ন হিসেবে মনে করছে। ইতিমধ্যেই এই ইস্যু নিয়ে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে।