প্রীতি পোদ্দার, কলকাতা: আগামী ২৯ এপ্রিল, বুধবার দ্বিতীয় তথা শেষদফার ভোট (West Bengal Election 2026) হতে চলেছে বঙ্গে। মোট ১৪২ টি আসনে ভোট গ্রহণ হবে। আর তাই আজ অর্থাৎ সোমবার শেষবারের মত প্রচারে মেতে উঠেছে শাসকদল থেকে শুরু করে বিরোধীরা। এমতাবস্থায় শেষবেলায় সকাল সকাল বারাকপুর (Barrackpore) শিল্পাঞ্চলে বিজেপির প্রচারে ঝড় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রবল আত্মবিশ্বাসী হয়ে জানিয়ে দিলেন ৪ মে-র পর বঙ্গে বিজেপির শপথ গ্রহণের সময় তিনি আসবেন।
বঙ্গে বিজেপি সরকার গঠনে আত্মবিশ্বাসী মোদী
ছাব্বিশের বঙ্গভোটে প্রচার প্রায় শেষের মুখে। সকাল থেকেই তাই জেলায় জেলায় প্রচার করে চলেছে রাজনৈতিক দলগুলি। এমতাবস্থায় আজ, দ্বিতীয় দফা নির্বাচনের আগে ব্যারাকপুরে সভা করতে আসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাটপাড়া, নোয়াপাড়া, জগদ্দল-সহ একাধিক প্রার্থী উপস্থিত ছিলেন মোদির সভায়। ভোটে দলীয় কর্মী, সমর্থকদের মনোবল আরও চাঙ্গা জনসমক্ষে তিনি জানান, “বাংলার মেজাজ বলছে, এবার পদ্ম ফুটছেই।অঙ্গ, কলিঙ্গের পর এবার বঙ্গে পদ্ম ফোটার পালা। নিশ্চিন্তে থাকুন, ৪ মে-র পর বিজেপি সরকারের শপথে আমি আসবই। কথা দিয়ে গেলাম। মা কালীর ভক্তদের মাঝে গিয়ে যে ভালোবাসা পেয়েছি, তা ভোলার নয়। ”
ডবল ইঞ্জিন সরকার নিয়ে আশাবাদী মোদী
আজ অর্থাৎ সোমবার, সকাল সকাল জগদ্দলের জিলিপি ময়দানের মেগা জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাত বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের হয়ে জনসমক্ষে সরকার পরিবর্তনের ইঙ্গিত দিলেন। তাঁর কথায়, “বাংলায় এবার অন্যরকম হাওয়া। এতদিন ধরে এত গরমে প্রচার করছি, এত ভিড়, তবু কোনও ক্লান্তি নেই। কেন জানেন? এখানকার মানুষের এত স্বতঃস্ফূর্ত সাড়া। সবার মনোভাব এবং চিন্তা ভাবনা বলে দিচ্ছে, এবার বাংলায় পরিবর্তন হচ্ছেই, বিজেপি সরকার তৈরি হচ্ছেই। বাংলায় যে কদিন রোড শো এবং জনসভা করছি, সবটাই আমার কাছে তীর্থযাত্রার মতো পবিত্র।” তাঁর দাবি, “বাংলার মানুষ মুক্তি চায় এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার থেকে। এবার বিজেপির মুখ্যমন্ত্রী হবেন। ডবল ইঞ্জিন সরকার হবে।”
আরও পড়ুন: দেশে শুরু তেল সংকট? এই রাজ্যে বন্ধ হল ৪২১টি পেট্রোল পাম্প
জনসভায় মমতা সরকারকে কটাক্ষ করে মোদী বলেন, “তৃণমূলের নেতারা একবারও মা-মাটি-মানুষের নাম নেয়নি এই ভোটে। যে মন্ত্র নিয়ে তারা বাংলায় সরকার গড়েছিল, তা ওরা ভুলে গিয়েছে। ১৫ বছর ওদের সুযোগ দিয়েছেন, মায়ের জন্য, নারী সুরক্ষার জন্য কিছু করেনি। মাটি, কৃষক, যুবক, মানুষের জন্য কিছু করেনি। তারা একটাই ফর্মুলা ফলো করে, গালি দাও, হুমকি দাও, মিথ্যা বলো। তবে আমরা প্রচারের সময় বাংলার বিকাশ নিয়ে বিজেপির পরিকল্পনা তুলে ধরেছি। আমরা সরকার গড়ে তুললে আপনাদের স্বার্থ চরিতার্থ করা হবে আমাদের দায়িত্ব।”










