‘বিতৃষ্ণা মনোভাব এসে গিয়েছে’ নাম ঘোষণা হতেই বিস্ফোরক রেজিনগরের তৃণমূল প্রার্থী রবিউল

Published:

Rejinagar Bypoll 2026

প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই উপনির্বাচন, এদিকে তৃণমূলের প্রতীক কার দখলে থাকবে, তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের মধ্যে দড়ি টানাটানি চলছে জোর কদমে। আর সেই আবহেই নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে (West Bengal Bypoll 2026) প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল। নন্দীগ্রামে প্রার্থী করা হয়েছে সঞ্চিতা প্রধান দে-কে এবং রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে (Rejinagar Bypoll 2026) তৃণমূলের প্রার্থী হয়েছেন প্রাক্তন বিধায়ক রবিউল আলম চৌধুরী (Rabiul Alam Chowdhury)। আর এই ঘোষণা করা মাত্রই রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।

রেজিনগরে লড়বেন রবিউল আলম চৌধুরী

উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করেছিলেন রাজ্যের তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুই আসনেই জয়ী হন তিনি। নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেন তিনি। অন্য দিকে একইভাবে নওদা এবং রেজিনগর এই দুই আসনেই জয় পেয়েছিলেন আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর। তিনি রেজিনগর আসন থেকে পদত্যাগ করায় নন্দীগ্রামের পাশাপাশি সেখানেও আগামী ৬ অক্টোবর উপনির্বাচন হতে চলেছে। জানা গিয়েছে, তৃণমূলের তরফে সেখানে লড়াই করবেন ‘কালীঘাট তৃণমূল’-এর প্রার্থী রবিউল আলম চৌধুরী।

নির্বাচনে জয় নিয়ে আশাবাদী রবিউল

উল্লেখ্য, রবিউল আলম চৌধুরী রেজিনগরের প্রাক্তন বিধায়ক। ২০২৬ এর বিধানসভা নির্বাচনে রেজিনগর থেকে রবিউল আলম চৌধুরীকে সরিয়ে নিয়ে গিয়ে বেলডাঙায় প্রার্থী করা হয়েছিল। কিন্তু সেখানে হাড়ের সম্মুখীন হতে হয় রবিউলকে। এবার সেই রবিউল আলম চৌধুরীকে আবার প্রার্থী করল কালীঘাট তৃণমূল। তবে এবার যে তিনি জিতবেন সেই নিয়ে যথেষ্ট নিশ্চিত রবিউল আলম চৌধুরী। সাংবাদিকদের সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “বিজেপি ক্ষমতায় আসার পর সাধারণ মানুষের মধ্যে এক বিতৃষ্ণা মনোভাব এসে গিয়েছে। তারা সকলেই চাইছে পুনরায় তৃণমূল কংগ্রেস যেন সরকারের ক্ষমতায় আসে। সুতরাং আমরা আশাবাদী যে এবারে নির্বাচনে অসংখ্য ভোটে জয়লাভ করব।”

আরও পড়ুন: এবার দিঘা গেট থেকে সরছে ‘বিশ্ব বাংলা’ লোগো, দু’দিন জাতীয় সড়কে যান নিয়ন্ত্রণ

শুধু তৃণমূল নয়, নন্দীগ্রাম এবং রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে বামেরাও। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছেড়ে যাওয়া নন্দীগ্রামে লড়বেন শান্তিগোপাল গিরি এবং রেজিনগর লড়বেন সইদ আসাদ আলি। পাশাপাশি নন্দীগ্রাম থেকে কংগ্রেসের টিকিটে লড়বেন মিলন প্রধান এবং রেজিনগর থেকে লড়বেন আব্দুল্লাহিল কাফি। আগামী ৯ অক্টোবর এই দুই কেন্দ্রে উপনির্বাচনে ফলঘোষণা। এখন হাওয়া কোন দিকে বইবে সেদিকেই তাকিয়ে সকলে।