প্রীতি পোদ্দার, কলকাতা: তৃণমূলের অন্দরে ফাটল যে সম্পূর্ণ স্পষ্ট, সে বুঝতে আর বাকি নেই সাধারণের। এমতাবস্থায় গুঞ্জন শোনা যাচ্ছে এবার নাকি নব তৃণমূল ব্লকে যোগদান করতে চলেছেন মমতার প্রিয় প্রার্থী ফিরহাদ হাকিম (Firhad Hakim)! আর এই গুঞ্জন প্রকাশ্যে আসতেই চরম শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এমতাবস্থায় ফিরহাদ যোগদান নিয়ে এবার মুখ খুললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)।
বিধানসভায় শপথগ্রহণ অনুষ্ঠানে ঋতব্রত
রিপোর্ট অনুযায়ী আজ অর্থাৎ শুক্রবার বিধানসভায় শপথ নিলেন দুই বিধায়ক। ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পণ্ডা এবং চণ্ডীতলার তৃণমূল বিধায়ক স্বাতী খন্দকার। দুই বিধায়কের শপথ অনুষ্ঠানে এসেছিলেন ‘নব তৃণমূল ব্লকের’ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। আর সেই শপথ অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হল ঋতব্রত ও সন্দীপন। সেখানেই প্রশ্ন ওঠে সদস্য সংখ্যা বৃদ্ধি নিয়ে। যদিও ঋতব্রত জানান, সোম এবং মঙ্গলবার সেই সংখ্যা বৃদ্ধির তথ্য জানতে পারবেন তাঁরা। এরপরেই প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের প্রসঙ্গ ওঠে।
কী জানালেন ঋতব্রত?
জানা গিয়েছে, সাংবাদিকদের তরফ থেকে এদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে প্রশ্ন করা হয় ফিরহাদ হাকিম কি নব তৃণমূল ব্লকে যোগ দিয়েছেন কিনা। আর সেই প্রশ্নের উত্তরে ঋতব্রত স্পষ্ট বলেন, “আমি ব্যক্তি সম্পর্কে বলব না। আমি সংখ্যায় যাব। আমি ও সন্দীপন ছাড়া এবং যাঁদের কথা বলেছি, তাঁদের ছাড়া কারও কথা বলব না। যখন বিধানসভার অধিবেশন হবে, তখন এসব দেখা যাবে। এদিকে গতকাল বিধানসভায় যাওয়ার কথা থাকলেও যাননি ফিরহাদ। ফলে তাঁকে নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে। যদিও এই বিষয়ে ফিরহাদ হাকিম এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোন প্রতিক্রিয়া জানাননি।
আরও পড়ুন: মাছ ভাজার নামে ডাকা হত মহিলাদের! এবার প্রকাশ্যে ‘দেগঙ্গার শাহজাহান’-র কীর্তি
উল্লেখ্য, ইতিমধ্যেই, ঋতব্রত-সন্দীপন শিবিরের বিধায়ক সংখ্যা ৫৮ থেকে বেড়ে হয়েছে ৬৪৷ এদিকে গত ৮ জুন বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা গিয়েছিল ফিরহাদকে৷ ছিলেন সন্দীপন সাহাও৷ তার আগে নবান্নে শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকের পরেও ফিরহাদ হাকিমের সঙ্গে তাঁর আলোচনা হয়েছিল বলে সূত্রের খবর৷ আর তাতেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তবে কি এবার ফিরহাদ হাকিমও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ‘নব তৃণমূল ব্লকে’ যোগ দেবেন।










