প্রীতি পোদ্দার, কলকাতা: আরও সংকটে তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress)! লোকসভার মতো একই পরিস্থিতি দেখা যেতে চলেছে রাজ্যসভাতেও। জানা গিয়েছে, তৃণমূলের সদস্যপদ থেকে ইস্তফা দিলেন রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy)। পাশাপাশি পদ থেকেও দিলেন ইস্তফা। অন্যদিকে তৃণমূলের রাজ্যসভার (Rajya Sabha) সাংসদ পদ ছাড়তে পারেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। এই খবর প্রকাশ্যে আসা মাত্রই রাজনৈতিক মহলে চর্চাও ক্রমশ বাড়ছে।
সাংসদ পদ ছাড়লেন সুখেন্দু শেখর রায়
জল্পনাকে সত্যি করে আজ, সোমবার সকালে দিল্লি থেকে তৃণমূলের সদস্যপদ থেকে ইস্তফা দিলেন রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। এমনকি দল থেকেও বেরিয়ে গেলেন। তাঁর দাবি, আরজি কর-কাণ্ডের পরেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তিনি। অবশেষে আজ সেই সিদ্ধান্ত কার্যকর করলেন। অন্য দিকে, তৃণমূলের রাজ্যসভার সাংসদ কোয়েল মল্লিককে নিয়েও জল্পনা শুরু হয়েছে। তিনিও দল ছাড়তে পারেন বলে মনে করা হচ্ছে। আর সেই খবর প্রকাশ্যে আসা মাত্রই সরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
কাজকর্মে চরম অসন্তুষ্ট সুখেন্দু শেখর রায়
আগেই তৃণমূলের অন্দরে খবর পাওয়া গিয়েছিল যে মমতার পাশে থাকতে চাইছেন না বর্ষীয়ান নেতা তথা সাংসদ সুখেন্দু শেখর রায়। শোনা যাচ্ছিল যে, বাংলায় বিধানসভা ভোটের ফল প্রকাশ এবং সরকার পরিবর্তনের অনেক আগে থেকেই একাধিক শীর্ষ নেতৃত্বের একাংশের কাজকর্মে চরম অসন্তুষ্ট ছিলেন তিনি। এমনকি হেরে যাওয়ার আভাস পেয়েই নাকি তিনি ভোটের ফল বেরনোর পর থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। এবার সেই গুঞ্জনের মাঝেই পদত্যাগপত্র জমা করলেন বর্ষীয়ান নেতা।
সাংসদ পদ ছাড়বেন কোয়েল?
সবচেয়ে বড় চমক অপেক্ষা করছে অবশ্য অভিনেত্রী কোয়েল মল্লিকের ইস্তফার সিদ্ধান্ত নিয়ে। কারণ বিধানসভা নির্বাচনের আগে গত এপ্রিলে রাজ্যসভার সাংসদ পদে শপথ নিয়েছিলেন কোয়েল মল্লিক। যা এক প্রকার তৃণমূল সুপ্রিম ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক ছিল। কিন্তু এইমুহুর্তে চারিদিকে যেভাবে তৃণমূলের ফাটল দেখা যাচ্ছে তাতে সেই জটিল পরিস্থিতিতে আর থাকতে চাইছেন না কোয়েল। যদিও এখনও কোয়েল আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করেননি।
আরও পড়ুন: ৫ পাহাড়ি শহর নিয়ে নতুন ‘হিমালয়ান হিল সিটি’ বড় ঘোষণা অগ্নিমিত্রা পালের
প্রসঙ্গত, দলীয় কর্মীদের একের পর এক এই দলবিরোধী মনোভাব এবং একযোগে এই বিদ্রোহ ঘোষণায় রীতিমত অস্বস্তি এবং চরম সংকটের মুখে পড়েছে মমতা-অভিষেক। উচ্চ ও নিম্নকক্ষ, দুই জায়গাতেই তৃণমূলের ফাটল স্পষ্ট। রাজনৈতিক মহলের মতে, যদি কোয়েলের পদত্যাগ সত্যি হয়, তাহলে তা তৃণমূলের সংসদীয় রাজনীতিতে বড় ধাক্কা হিসেবেই দেখা হবে। এখন দেখার শেষ মুহূর্তে দিল্লিতে তৃণমূলের সাংসদদের নিয়ে আর কোন কোন নাটকীয় ঘটনা প্রকাশ্যে আসে।










