প্রীতি পোদ্দার, কলকাতা: ‘ব্যাঙের ছাতা’ বা মাশরুম (Mushroom) দিয়ে যে কত বাহারি রান্না (Recipe) করা যায়, তার শেষ নেই। এই রান্নার কাছে হেরে যায় যেকোনো দুর্দান্ত রেসিপি। আর তার মধ্যে মাশরুম দিয়ে তৈরি একটি জনপ্রিয় রেসিপি হল মটর মাশরুম (Matar Mushroom), যা অত্যন্ত সুস্বাদু হয়। চলুন আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে এই মাশরুমের রেসিপিটি শিখে নেওয়া যাক বিস্তারিত।
উপকরণ
মটর মাশরুম বানানোর জন্য যে যে উপকরণ দরকার সেগুলি হল – ৩০০ গ্রাম মাশরুম, ময়দা, পেঁয়াজ কুচি, কাজু, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো , গরমমশলা, গোলমরিচ গুঁড়ো, টমেটো, নুন, মাখন, গোটা জিরে, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, কড়াইশুটি, ধনেপাতা কুচি, কসৌরী মেথি, ফ্রেশ ক্রিম, সাদা তেল।
রান্নার পদ্ধতি
পুষ্টিগুণে ভরপুর এই মাশরুম যেকোনো মাছ, মাংস, ডিমকেও হার মানায়। কারণ এটি শরীরে খনিজ পদার্থের ঘাটতি এবং প্রোটিনের চাহিদা পূরণ করে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই রান্নার পদ্ধতি সম্পর্কে।
- প্রথমে মাশরুম গুলোকে একটা বাটিতে ঢেলে ওর মধ্যে দুই চামচ ময়দা ছড়িয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর সেগুলি ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। এরপর জল দিয়ে ভালো করে একবার ধুয়ে নিতে হবে মাশরুমগুলো।
- কড়াইতে এবার সাদা তেল গরম করে কুচনো পেঁয়াজগুলো হালকা ভেজে নিতে হবে। হালকা বাদামি হয়ে এলে ওর মধ্যে দিয়ে দিতে পারেন কাজু। ভালো করে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা।
- সম্পূর্ণটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর মশলা হিসেবে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পেঁয়াজের সঙ্গে মশলাগুলো ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার কেটে রাখা টমেটো গুলো একদম কম আঁচে দিতে দিতে হবে। এবং মশলার সঙ্গে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে যায়।
আরও পড়ুন: বাড়িতেই বানিয়ে ফেলুন পাঁশকুড়ার চপ, জমে যাবে মুড়ির সঙ্গে, রইল রেসিপি
- ৭-৮ মিনিট পর পেঁয়াজ টমেটোর মিশ্রণটা আলাদা পাত্রে তুলে রাখতে হবে। এবং ঠান্ডা হয়ে গেলে একটি ব্লেন্ডারে সামান্য জল দিয়ে মিহি করে বেটে নিতে হবে। অন্যদিকে আরও একটি কড়াইতে সামান্য মাখন গরম করে নিতে হবে। এবং ওর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে নিতে হবে।
- এরপর মাখনের মধ্যে রসুন কুচি নাড়াচাড়া দিয়ে কেটে রাখা মাশরুম গুলো ঢেলে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে ঝালের পরিমাণ বুঝে কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিতে হবে। এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করার পর গ্রেভির পেস্টটা ঢেলে দিতে হবে। গ্রেভির সঙ্গে মাশরুমগুলো ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার মশলা হিসেবে দিয়ে দিতে হবে নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো এবং ধনে গুঁড়ো।
- ভালো করে মশলা মাখিয়ে নেওয়ার পর সবুজ কড়াইশুটির মটর দিয়ে দিতে হবে। তারপর শেষের দিকে যখন মাশরুম ভালো সেদ্ধ হয়ে যাবে তখন নামানোর আগে ধনেপাতা কুচি, কসৌরি মেথি, ফ্রেশ ক্রিম এবং গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি মটর মাশরুম।










