লাল শাক দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক আচার, রইল ঘরোয়া রেসিপি

Published:

Lal Shaaker Achaar

প্রীতি পোদ্দার, কলকাতা: ভারতের নানা প্রান্তে বাহারি রান্নার (Recipe) পাশাপাশি রয়েছে ভিন্ন রকমের আচার (Pickle) খাওয়ার চল। অনেকে এই আচার ভাত দিয়ে যেমন খায় ঠিক তেমনই আবার রুটি পরোটা দিয়েও খায়। কিন্তু কখনও কি আপনারা লাল শাকের আচার (Lal Shaaker Achaar) খেয়েছেন? রসুন কুচি এবং ভাজা মশলা দিয়ে এই আচার খেতে লাগে দারুণ। তাহলে চলুন আমাদের আজকের এই প্রতিবেদনের মাধ্যমে এই অভাবনীয় আচার তৈরির পদ্ধতি শিখে নিন।

উপকরণ

লাল শাকের আচার বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলি হল: লাল শাক, রসুন কুচি, গোটা সর্ষে, সাদা জিরে, ধনে, কালো জিরে, মেথি, মৌরি, তেঁতুল, কাশ্মীরি লঙ্কা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, চিনি, ভিনিগার, ধনে গুঁড়ো, সর্ষের তেল।

রান্নার পদ্ধতি

বাঙালির মধ্যাহ্নভোজের প্রথম ব্যঞ্জন হল শাক। আগে, নিমন্ত্রণ বাড়িতেও অতিথিদের প্রথম পাতে শাক পরিবেশনের চল ছিল যদিও এখন সেই চল উঠে গিয়েছে। তাহলে চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে শিখে নিন কীভাবে লাল শাকের আচার বানানো যায়।

  • প্রথমে লাল শাকগুলো বেছে নিতে হবে, তারপর সেগুলি ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর সেগুলি ভালো করে কুচিয়ে নিতে হবে। জল ঝরিয়ে রাখতে হবে।
  • অন্যদিকে শুকনো কড়াইতে প্রথমে সাদা জিরে, ধনে, কালো জিরে, মেথি, মৌরি এবং কালো সর্ষে ভেজে নিতে হবে ভালো করে। মশলাগুলো যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন সেগুলি আলাদা একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করতে দিতে হবে।
  • ভাজা মসলাগুলোকে এবার একটি ব্লেন্ডারে ভালো করে মিহি গুঁড়ো করে নিতে হবে।
  • এরপর একটি বাটিতে সামান্য তেঁতুল জলের মধ্যে গুলে নিতে হবে। এবং তেঁতুলের দানা সরিয়ে নিয়ে তেতুলের ঘন ক্বাথ বের করে নিতে হবে। এবং ওই শুকনো কড়াই এর মধ্যেই জল ঝরিয়ে রাখা লাল শাকগুলো ভেজে নিতে হবে।
  • লাল শাকগুলো যখন হালকা ভাজা ভাজা হবে তখন সেটিকে আলাদা পাত্রে নামিয়ে নিতে হবে। এবং ঠান্ডা হয়ে এলে একটা ব্লেন্ডারের মধ্যে সেটি মিহি করে বেটে নিতে হবে।

আরও পড়ুন: এবার বাড়িতেই মিলবে রেস্তোরাঁর স্বাদ, অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত মালাই চিকেন কিমা

  • এরপর কড়াইতে সরষের তেল গরম করে নিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোঁড়ন দিয়ে নিতে হবে। খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর রসুন কুচি দিয়ে দিতে হবে। রসুনের গন্ধ যখন তেলের মধ্যে ছড়িয়ে যাবে তার কিছুক্ষণ পরেই লাল শাকের মিহি বাটাটা দিয়ে দিতে হবে। এবার সবকিছু ভালোভাবে মাখিয়ে নিতে হবে।
  • লাল শাকের বাটাটা যখন রসুন কুচির সঙ্গে মাখাবেন তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে তেঁতুলের ক্বাথটা। মশলা হিসেবে এক এক করে দিয়ে দিতে হবে নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, চিনি, ধনে গুঁড়ো। ভালো করে মসলাগুলো মাখানোর পর এবার সামান্য ভিনিগার দিয়ে দিতে হবে। আসলে আচারটি বেশ কয়েক মাস ধরে যাতে ভালো থাকে তার জন্য এই ভিনেগার টি ব্যবহার করা হয়।
  • ভালো করে লাল শাক নাড়াচাড়া করে নেওয়ার পর যখন অনেকটা শুকিয়ে আসবে তখন ওর মধ্যে ভাজা মসলার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। প্রায় দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর নামিয়ে নিতে হবে আলাদা একটি পাত্রে। ব্যস তাহলেই তৈরি লাল শাকের আচার।
আরও Pickle Red Amaranth