প্রীতি পোদ্দার, কলকাতা: অনুষ্ঠান বাড়িতে ভরপেট বিভিন্ন সুস্বাদু খাবার খাওয়ানোর পর শেষ পাতে যেমন মিষ্টির আয়োজন করা হয় ঠিক তেমনি আবার সঙ্গে দেওয়া হয় হাজমোলা (Hajmola)। এটি মূলত বদহজম দূর করতে, পেটের অস্বস্তি কমাতে এবং খাওয়ার রুচি বাড়াতে সাহায্য করে। আজকাল বাজারে বিভিন্ন ব্র্যান্ডের হাজমোলা পাওয়া যায়। কিন্তু জানেন কি আপনিও সেই হাজমোলা (Homemade Hajmola) বাড়িতে বসেই বানিয়ে ফেলতে পারবেন। কীভাবে? রইল পদ্ধতি।
উপকরণ
বাড়িতে হাজমোলা বানানোর জন্য যে যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো: হাফ বাটি গোটা জিরে, হাফ বাটি মৌরি, হাফ বাটি কাঁচা জোয়ান, গোটা গোলমরিচ, ২৫ গ্রাম গুড়, আমচুর গুঁড়ো, বিট লবণ, সাদা নুন, চিনির গুঁড়ো।
রান্নার পদ্ধতি
তেল-ঝাল-মশলাযুক্ত ভারী খাবার খাওয়ার পরই পেট ভারী হয়ে থাকে, কখনো আবার গ্যাস ও পেট ফাঁপার সমস্যাও বেশ দেখা দেয়। তাই এই জটিল সমস্যা দূর করতে অনেকেই হাজমোলা খেয়ে থাকেন। আসলে হাজমোলা হলো এক বিশেষ আয়ুর্বেদিক মশলা, ভেষজ এবং লবণের মিশ্রণ, যা লালা নিঃসরণ বাড়িয়ে দিয়ে খাবার হজমে সাহায্য করে। এবার চলুন জেনে নেওয়া যাক কীভাবে বাড়িতে হাজমোলা বানানো যায়
- প্রথমে একটি শুকনো কড়াইয়ের মধ্যে হাফ ব্যাটিং গোটা জিরে হাফ বাটি মৌরি হাফ বাটি কাঁচা জোয়ান গোটা গোলমরিচ ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখবেন মশলাগুলো যেন বেশি ভাজা ভাজা না হয়ে যায় এবং কড়াইতে লেগে না যায়। এরপর সেগুলি ভাজা হয়ে এলে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করতে দিতে হবে।
- ভাজা মশলাগুলো ঠান্ডা হয়ে এলে এবার একটি ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। অন্যদিকে ২৫ গ্রাম গুড় ভালো করে আলাদা একটি পাত্রে ঘষে নিতে হবে।
- এরপর ভাজা মশলার গুঁড়োর সঙ্গে বড় চামচের দুই চামচ আমচুর গুঁড়ো, হাফ চামচ বিট লবণ, হাফ চামচ মত সাদা নুন, বড় চামচের এক চামচ চিনির গুঁড়ো এবং ঘষে রাখা গুঁড় দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে।
আরও পড়ুন: সর্ষে এবং নারকেলের দুধ দিয়ে বানিয়ে ফেলুন দুধ কাঁকড়া, রইল রেসিপি
- শুকনো মশলাগুলো ভালো করে মাখিয়ে নেওয়ার পর একটু একটু করে জল দিয়ে সেটাকে ময়দার ডো-এর মত মেখে নিতে হবে। এরপর মাখা অংশটাকে দুটো ভাগে ভাগ করে নিতে হবে।
- এবার একটি বেলনচাকির ওপর বেকিং পেপার রেখে ওর মধ্যে সামান্য চিনির গুঁড়ো ছড়িয়ে দিয়ে মেখে রাখা অংশটা ওর মধ্যে রেখে বেলে নিতে হবে। এবং দোকানের মতো ছোট ছোট আকার দিতে একটি ছোট গোলমুখ ঢাকনার সাহায্যে কেটে নিতে হবে।
- কেটে রাখা হাজমোলাগুলোকে এবার চিনির গুঁড়োর মধ্যে রেখে দিতে হবে। এরপর কড়াইয়ের ওপর পেপার সমেত ওই কেটে রাখা হাজমোলাগুলো ১০ মিনিটের মতো ঢেকে গরম করতে দিতে হবে। ব্যস তাহলেই তৈরি হাজমোলা।










