বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে ক্ষমতা হারিয়েছে তৃণমূল। আর তাতেই ধাক্কা খেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দল ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। সম্ভবত ভারতীয় ফুটবল (Indian Football News) মানচিত্র থেকে মুছে যেতে চলেছে এই দলটি। কারণ, অর্থাভাব। শুধুমাত্র অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় অর্থ দিতে না পারায় ISL থেকেই বাদ পড়েছে ডায়মন্ড হারবার। কাজেই, রাজ্যের এই দলটিকে ছাড়াই এবার গড়াবে ইন্ডিয়ান সুপার লিগ। তাহলে কি পুরোপুরি ফুটবলে শেষ হচ্ছে ডায়মন্ড হারবারের জার্নি?
ইন্ডিয়ান সুপার লিগে খেলবে না ডায়মন্ড হারবার এফসি
বুধবার দুপুরের মধ্যেই ইন্ডিয়ান সুপার লিগে অংশগ্রহণের জন্য নির্দিষ্ট অর্থ দেওয়ার কথা ছিল ডায়মন্ড হারবার এফসির। এটাই ছিল অর্থ মিটিয়ে দেওয়ার শেষ তারিখ। তবে নির্ধারিত সময়ের মধ্যে ডায়মন্ড হারবার টাকা না দেওয়ায় ধরেই নেওয়া হয়েছে এবারের ইন্ডিয়ান সুপার লিগ হবে 13 দলের। এ প্রসঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে বিবৃতি জারি করা জানানো হয়েছে, 2026-27 ইন্ডিয়ান সুপার লিগে অংশ নিতে চলেছে 13টি দল। AIFF এবং ক্লাব জোটের তরফে নিশ্চিত করা হয়েছে 13 দলই ISL খেলবে।
বলাই বাহুল্য, ভারতীয় ফুটবলে ঝড়ের গতিতে উত্থান হয়েছিল অভিষেকের দল ডায়মন্ড হারবার এফসির। মাত্র চার বছরের মধ্যেই দেশের সবচেয়ে বড় ফুটবল লিগে জায়গা করে নিয়েছিল তারা। শুধু তাই নয়, শহরের গুরুত্বপূর্ণ ফুটবল দল ইস্টবেঙ্গল, মোহনবাগানের পরেই নাম আসছিল তাদের। তবে বঙ্গের রাজনৈতিক পট পরিবর্তন হতেই আর্থিক সমস্যায় পড়েছে দলটি। জানা যাচ্ছে, ইন্ডিয়ান সুপার লিগে অংশগ্রহণ করার প্রথম কিস্তির 55 লাখ টাকাই দিতে পারেনি ডায়মন্ড হারবার। ফলে, ইন্ডিয়ান সুপার লিগ থেকে বাদ পড়ে এখন ভবিষ্যৎ প্রশ্নের মুখে অভিষেকের দলের।
আরও পড়ুন: তিন কারণে দিল্লিকে হারিয়ে ডুরান্ডের ফাইনালে পৌঁছল ইস্টবেঙ্গল
উল্লেখ্য, এমনিতেই অভিষেকের দল ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে দুর্নীতিতে জড়ানোর অভিযোগ রয়েছে। রাজ্যের নতুন শিক্ষা মন্ত্রীর পদ পেতেই ইন্দ্রনীল খাঁ খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, “ডায়মন্ড হারবার এফসির মাধ্যমে টাকা তোলা এবং ম্যাচ ফিক্সিং করার একাধিক অভিযোগ জমা পড়েছে আমার কাছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” এদিকে ডায়মন্ড হারবার এফসির মূল মাথা অভিষেকের বিরুদ্ধে কয়েকশো মামলা দায়ের হয়েছে বিগত কিছু দিনে। নানান আইনি লড়াইয়ে জড়িয়ে রয়েছেন তৃণমূল সাংসদ।










