বোম মেরে মেসিকে উড়িয়ে দেওয়ার ছক, নিশানায় ছিলেন রোনাল্ডোও! ফাঁস হল সব

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup) শেষ হয়েছে সম্প্রতি। আর সেই আসর শেষ হতেই এবার প্রকাশ্যে এল ভয়ঙ্কর তথ্য (Attack Threat)। জানা যাচ্ছে, বিশ্বকাপ চলাকালীন আত্মঘাতী জঙ্গিদের নজরে ছিলেন আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। শুধু তাই নয়, আর্জেন্টিনার গোটা দল সহ অন্যান্য দল এমনকি ফিফার কর্তা থেকে শুরু করে রেফারিরাও জঙ্গিদের নিশানায় ছিলেন। এও জানা যাচ্ছে, বিশ্বকাপের মাঝে ফিফার কাছ থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সম্পর্কেও বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছিল। আর সেই সব গোপন তথ্যই ফাঁস হয়েছে আমেরিকান পুলিশের কিছু রিপোর্টে!

ফাঁস হল আমেরিকার পুলিশের গোপন রিপোর্ট

বিশ্বকাপ চলাকালীন বিভিন্ন ফুটবলার এবং ফুটবল দলগুলির উপর আত্মঘাতী জঙ্গিরা কীভাবে নজর রেখেছিল সেই সব তথ্য ফাঁস হয়ে গিয়েছে আমেরিকার পুলিশের এক গোপন রিপোর্টে। পরবর্তীতে সেই রিপোর্টের কিছু অংশ প্রকাশ করেছে স্পেনের গণমাধ্যম। জানা যাচ্ছে, ফিফা ফুটবল বিশ্বকাপের মাঝে জঙ্গিরা নানান ইমেইল আইডি থেকে দলগুলিকে হুমকি দিয়েছিল। আর সেই হুমকির ফলেই আর্জেন্টিনা দলের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছিল আমেরিকা, মেক্সিকো এবং কানাডা।

শুধু লিওনেল মেসিদের জন্য নয় বরং হুমকি পাওয়া প্রত্যেকটি দলের জন্যই যথাযথ নিরাপত্তা ব্যবস্থা রেখেছিল ফিফা। মার্কিন পুলিশের গোপন রিপোর্ট থেকে জানা গিয়েছে, বিশ্বকাপের মাঝে সবচেয়ে বড় হামলার ছক ছিল আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচে। ডালাস বিমানবন্দরে ফোন করে এক ব্যক্তি হুমকি দিয়েছিলেন, বাড়িতে তৈরি বোমা এবং AR-15 নিয়ে তিনি এবং তাঁর সঙ্গীরা স্টেডিয়ামের ভেতরে ঢুকবেন। লিওনেল মেসি সহ আর্জেন্টিনার গোটা দলকে উড়িয়ে দেওয়া হবে।

ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি এও জানিয়েছিলেন, তাঁদের উদ্দেশ্য হামলা হলেও মূল লক্ষ্য লিওনেল মেসি। শুধু তাই নয়, পুলিশকেও নিশানা করা হবে বলেই জানান তিনি। একই ধরনের হুমকি এসেছিল আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচের আগে। সেই ম্যাচে লিওনেল মেসিকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন আরেকজন। জানিয়েছিলেন, তিনি নিজের সারা শরীরে বোমা বেঁধে স্টেডিয়ামে ঢুকে তাণ্ডব চালাবেন। ওই দিনই আরেক অজ্ঞাত পরিচয় যুবক পুলিশকে ফোন করে জানান ডাস্টবিনের কাছে বোমা রয়েছে।

অবশ্যই পড়ুন: মাঝরাতে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, বাড়ি করার জন্য জমি পাচ্ছেন না ঋষভ পন্থ

আর্জেন্টিনা ফুটবল দল সহ অন্যান্য দলগুলিকে নিয়ে একের পর এক হুমকি আসায় নিরাপত্তা একেবারে আঁটসাঁট করেছিল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। পরিস্থিতি বুঝে ময়দানে নামানো হয়েছিল FBI কেও। শোনা যাচ্ছে, বিশ্বকাপ চলাকালীন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সম্পর্কেও নাকি ফিফার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। তাঁর উপরেও হামলা চালানোর ছক কষছিলেন অজ্ঞাত পরিচয় জঙ্গিরা। যদিও মার্কিন পুলিশের তৎপরতায় সেই স্বপ্ন ভেস্তে গেছে দুষ্কৃতীদের। তবে কে বা কারা এই ধরনের হুমকি দিয়েছিলেন সেই তদন্ত চালিয়ে যাচ্ছে আমেরিকা।