বিক্রম ব্যানার্জী, কলকাতা: মঙ্গলবার রাতে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ঝড়ে কুপোকাত হয়ে পড়েছিল উজবেকিস্তান। ফিফা ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup) কে গ্রুপের ম্যাচে একেবারে শুরু থেকেই দাপট দেখিয়েছে পর্তুগাল। ম্যাচের একেবারে ষষ্ঠ মিনিটেই গোল করে ক্ষমতা দেখান রোনাল্ডো। আর তারপর থেকে একের পর এক গোল খেয়ে যেতে হয়েছে প্রতিপক্ষকে। আর সেই সূত্র ধরেই ফুটবল বিশ্বকাপে নতুন নতুন নজির গড়েছেন CR7। গতকাল দুটি গোল করে একটি বিশ্বরেকর্ডও গড়েছেন রোনাল্ডো।
গোল করে যে রেকর্ডগুলি করলেন ক্রিশ্চিয়ানো
উজবেকিস্তানের বিরুদ্ধে গতকালের ম্যাচে রোনাল্ডো প্রথম গোল করতেই ফিফা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে একটানা ছয়টি বিশ্বকাপে গোল করা প্রথম খেলোয়াড় হয়ে উঠেছেন রোনাল্ডো। 41 বছর বয়সকে পুঁজি করেই এই বিশ্ব রেকর্ড নিজের নামে করেছেন পর্তুগিজ মহাতারকা। তবে গতকাল প্রথম গোল করেই থেমে থাকেননি রোনাল্ডো। গোটা ম্যাচে প্রতিপক্ষের উপর চাপ বাড়িয়ে 39 মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোলটি করেন পর্তুগালের অধিনায়ক।
বলাই বাহুল্য, গতকালের ম্যাচে দ্বিতীয় গোল করার সাথে সাথেই ফিফা ফুটবল বিশ্বকাপে 10টি গোল সম্পূর্ণ হয়েছে রোনাল্ডোর। যার জেরে ফুটবল বিশ্বকাপে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা হয়ে উঠেছেন তিনি। যদিও এদিন রোনাল্ডোর দ্বিতীয় গোলের আগে ম্যাচের 17 মিনিট নাগাদ পর্তুগালের দ্বিতীয় গোলটি করেছিলেন নুনো মেন্ডিস। তাও আবার ফ্রি কিক থেকে।
অবশ্যই পড়ুন: কালীঘাটে এবার প্রতি দিন জনতার দরবার, কর্মীদের অভিযোগ শুনবেন খোদ মমতা
উল্লেখ্য, চলতি ফুটবল বিশ্বকাপের শুরু থেকেই দাপট দেখাচ্ছিলেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ডরা। তবে প্রথম ম্যাচে বল পায়ে হতশ্রী পারফরমেন্স করতে দেখা গিয়েছিলো রোনাল্ডোকে। যদিও পর্তুগাল ফুটবলের নায়ক যে চুপ করে থাকার পাত্র নন সেটা জানেন ফুটবল ভক্তরা। প্রথম ম্যাচে সমর্থকদের হতাশ করলেও দ্বিতীয় ম্যাচে গোল করে নিজের ছন্দে ফেরার সাথে সাথে, খুশির জোয়ার আনলেন ভক্তকুলেও।










