বিক্রম ব্যানার্জী, কলকাতা: এতদিন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে নিশানা করলেও কারও নাম নেননি লাল হলুদকে (East Bengal FC) ISL জেতানো একমাত্র কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon)। এবার যেন একেবারে সমস্ত ক্ষোভ উগরে দিলেন তিনি। একেবারে নাম নিয়েই নিজের প্রাক্তন দলকে কাঠগোড়ায় দাঁড় করালেন স্প্যানিশ তারকা। ক্লাবের অন্দরে চলা রাজনীতি নিয়ে এবার একেবারে সরাসরি ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার ওরফে নিতু দাকে নিশানা করলেন ব্রুজো। বলে দিলেন, “পুরো বিষয়টার সাথে নিতু দা জড়িত!”
ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তাকে নিয়ে বড় মন্তব্য অস্কারের
সাম্প্রতিক সময়ে ইস্টবেঙ্গলের ভেতরের খবর উগড়ে দিয়েছেন অস্কার। বেফাঁস মন্তব্য করেছেন বারবার। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেও লাল হলুদ ম্যানেজমেন্টকে বেনজির আক্রমণ করেছেন ইস্টবেঙ্গলের প্রাক্তন হেডস্যার। তবে এতদিন কারও নাম উল্লেখ না করলেও এবার সরাসরি দেবব্রত সরকারকে নিয়ে তোপ দাগলেন ব্রুজো। ইস্টবেঙ্গলকে স্বপ্নের সিঁড়িতে তুলে দেওয়া কোচ বললেন, “আমার মনে হয় পুরো ব্যাপারটার সাথে নিতুদা জড়িত। আমি কিন্তু মনে করি সমালোচনা ফুটবলের একটা অঙ্গ। এতে আমাদের কারও কোনও রকম সমস্যা নেই।”
এদিন ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ এও বললেন, “সমালোচনা হতেই পারে কিন্তু ব্যক্তিগত আক্রমণ, অজ্ঞাত পরিচয় অ্যাকাউন্ট থেকে বারবার একই ধরনের প্রচার এবং অভ্যন্তরীণ মতবিরোধকে অন্য ক্লাবের মধ্যে টেনে নিয়ে যাওয়ার বিষয়টি সম্পূর্ণ আলাদা। কিছু কিছু জিনিস দেখে আমার সত্যিই মনে হয়েছে নিতুদার নেতৃত্বেই ক্লাবের অভ্যন্তরীণ অংশ রাজনীতির সাথে সরাসরি জড়িত। যিনি এগুলো করছেন সেই নিতুদাকে জিজ্ঞেস করতে চাই, এসব করার জন্য কি কোনও জায়গা থেকে নির্দেশ আসছে? এর জন্য কি লাভ হচ্ছে আপনার?”
🚨Holding Nitu Da Accountable for the Campaign Against Me and my Back Room Staff🚨 pic.twitter.com/ewXK6EZO2h
— Oscar Bruzon (@obruzon) September 11, 2026
আরও পড়ুন: “শামিকে উপেক্ষা করা হয়নি, ও দেশের হয়ে যথেষ্ট খেলেছে” নির্বাচকদের পক্ষে সৌরভ গাঙ্গুলি
এদিন অস্কার খুব খোলাখুলি বলেন, “আমি তো মনে করি ইস্টবেঙ্গলের নাম ব্যবহার করে যেসব অন্যায় হচ্ছে, ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে সেসবের সাথে আদতেই ইস্টবেঙ্গল বা নিতুদারা জড়িত না থাকলে সেটা সামনাসামনি এসে বলে দিক। এভাবে ক্লাবের নাম ব্যবহার করে অপচেষ্টা হচ্ছে সেটা তো ক্লাবেরই সর্বসমক্ষে খোলসা করে দেওয়া উচিত। এই ধরনের কাজ বন্ধ করার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত ইস্টবেঙ্গলের!” ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ জানিয়েছেন, তিনি ইস্টবেঙ্গলকে প্রত্যাখ্যান করতে চাননি। তবে দলকে ব্যক্তিগত স্বার্থে অনেকেই ব্যবহার করছিলেন! সবকিছু যেভাবে চলছিল তাতে দায়িত্বে থেকে দলকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না।










