নিম্নমুখী সোনা, রুপোর বাজারদর! ধনতেরাসের আগে আরও কমবে দাম?

Published:

gold price drop

আনিষা চৌধুরী, কলকাতা: সামনেই ধনতেরাসের (Dhanteras), এই মুহূর্তে সোনার বাজারে দামের (Gold prices) ওঠানামা ঘিরে বাড়ছে ক্রেতাদের আগ্রহ। গত কয়েক দিনে আন্তর্জাতিক বাজারের প্রভাব পড়েছে সোনা ও রুপোর দামেও। ২৭ অক্টোবরের বাজারের হিসাব অনুযায়ী, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনার দাম বেশ নিম্নমুখী। ফলে উৎসবের মরশুমে গয়না কেনার পরিকল্পনা করছেন যাঁরা, তাঁদের জন্য এটাই উত্তম সময়।

ধনতেরাসের আগে কত হল সোনার দাম?

২৭ অক্টোবরের প্রকাশিত বাজারদরের তথ্য অনুযায়ী, ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার খুচরো দাম ১ লক্ষ ৩১ হাজার ৩৫০ টাকা। একই পরিমাণ ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪৩ হাজার ২৯০ টাকা। তবে MCX-এ সোনার ফিউচার্সের দর আলাদা। খুচরো বাজার ও ফিউচার্সের দামের মধ্যে পার্থক্য থাকায় সোনা কেনার আগে স্থানীয় গয়নার দোকানে দর যাচাই করে নেবেন।

কেন চাপের মুখে সোনার বাজার?

  • আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান,
  • বন্ডের ইল্ড
  • এবং আমেরিকার ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে প্রত্যাশা
    এই সবকিছুই সোনার দামের উপর ভালোই প্রভাব ফেলছে। সুদ পাওয়া যায় না এমন সম্পদ হওয়ায় বন্ডের ইল্ড বাড়লে সোনার আকর্ষণ তুলনামূলকভাবে কমতে পারে। পাশাপাশি, বছরের শুরুতে সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। দাম বাড়ার ফলে লাভের মুখ দেখা বিনিয়োগকারীদের একাংশ ভালোই মুনাফা লাভ করেন। এই বিষয়টিও সোনার দাম কমার অন্যতম কারণ হয়ে উঠেছে।

আরও পড়ুন: ঘাটাল মাস্টার প্ল্যানসহ একাধিক প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ধনতেরাসে কি আরও সস্তা হবে সোনা?

ধনতেরাসের আগে সোনার দাম আরও কমবে কি না, তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। বাজার বিশেষজ্ঞদের মতে, মার্কিন ডলার, বন্ডের ইল্ড, মুদ্রাস্ফীতির তথ্য এবং ফেডের পরবর্তী সিদ্ধান্তের উপর সোনার দামের গতিপথ নির্ভর করবে। অন্যদিকে, উৎসবের মরশুমে সোনার চাহিদা বাড়ার সম্ভাবনাও রয়েছে। ফলে দাম কমার প্রবণতা বজায় থাকবে, নাকি আবার ঊর্ধ্বমুখী হবে, তা নির্ভর করবে দেশীয় ও আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির উপর।

আরও পড়ুন: দু’বছর আগেই বন্ধ ট্রেনের টিকিট দিল রেল? যাত্রীর অভিযোগের পর সামনে এল আসল তথ্য

ধনতেরাস ও দীপাবলির পরেই বিয়ের মরশুম শুরু হওয়ায় সোনার চাহিদা ফের বাড়তে পারে। তবে চাহিদা বাড়লেই দাম নিশ্চিতভাবে বাড়বে, এমন নয়, সেক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি এবং টাকার বিনিময়মূল্যও গুরুত্বপূর্ণ। তবে যদি সোনা কেনার পরিকল্পনা থাকে, তাহলে অপেক্ষা না করে দাম কম থাকতে থাকতে কিনে ফেলুন।

google button