সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৭ অক্টোবর, মঙ্গলবার। বাংলায় জোড়া এনকাউন্টার, গৃহবধূকে ধর্ষণ বিজেপি কর্মীর, বেহালাকাণ্ডে পুলিশের পদক্ষেপ….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) সুপ্রিম কোর্টের শুনানির জন্য উঠল না অভিষেকের আবেদন
তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদের পদ খারিজের দাবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা আবেদন মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানির জন্য উঠল না। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে মামলাটি তালিকাভুক্ত থাকলেও তা শুনানির পর্যায়ে পৌঁছায়নি। লোকসভার স্পিকার ওম বিড়লাকে নির্দিষ্ট সময়ের মধ্যেই আবেদনগুলি নিষ্পত্তির নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক। কিন্তু শীর্ষ আদালত এদিন কোনও নতুন নির্দেশ দেয়নি। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৯) ইন্দ্রনীল সেনের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি
দুর্গাপুজোর পাস বিক্রি এবং আর্থিক দুর্নীতির অভিযোগে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের মামলায় সুপ্রিম কোর্টে এবার বিরাট ধাক্কা। ব্যক্তিগত কারণে এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত। কলকাতা হাইকোর্টে তাঁর আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু বিচারপতি সরে দাঁড়ানোর ফলে মামলাটি এখন নতুন বেঞ্চে স্থানান্তরিত করার প্রক্রিয়া শুরু হচ্ছে। যার ফলে প্রাক্তন মন্ত্রীর আইনি লড়াই আরও দীর্ঘায়িত হল। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৮) কর্ণাটকে এসআইআর-এ বাদ ১ কোটি ভোটারের নাম
কর্ণাটকে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা থেকে প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়েছে বলেই কমিশন সূত্রে খবর। সংশোধনের আগে রাজ্যে মোট ভোটার ছিল ৫ কোটি ৫৪ লক্ষের বেশি, যা কমে বর্তমানে ৪ কোটি ৫ লক্ষ ৫০ হাজারে নেমে এসেছে। প্রধানত ঠিকানা পরিবর্তন, পরিচয় যাচাই না হওয়া, মৃত ভোটার এবং একাধিক জায়গায় নাম থাকার কারণে নামগুলি বাদ দেওয়া হয়েছে বলেই খবর। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৭) হাওড়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো
হাওড়া থেকে বিমানবন্দর পর্যন্ত কলকাতা মেট্রোর গ্রিন লাইন সম্প্রসারণের নতুন প্রস্তাব এবার আলোচনার শিরোনামে। প্রায় সাত বছর আগের ২৩৬৫ কোটি টাকা ব্যয়ের প্রাথমিক ডিটেলস প্রজেক্ট রিপোর্ট বা ডিপিআর বর্তমানে বাজারদর অনুযায়ী নতুন করে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে রাইটসকে। ১৪ কিলোমিটার দীর্ঘ এই করিডর বাস্তবায়িত হলে হাওড়া, সল্টলেক এবং বিমানবন্দরের মধ্যে সরাসরি যোগাযোগ আরও সহজ হবে। কেন্দ্র এবং রাজ্যের ৫০:৫০ অনুপাতে খরচ ভাগের পরিকল্পনা রয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৬) মুর্শিদাবাদে খুনের অপরাধীকে এনকাউন্টার
মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বিজেপির স্থানীয় নেতা সুজিত মণ্ডল খুনের মামলায় মূল অভিযুক্ত সামাউন শেখ পুলিশের এনকাউন্টারে নিহত হলেন। সিআইডি তদন্তের জন্য তাঁকে ধুলিয়ান বাজারে নিয়ে গেলে তিনি আধিকারিকদের রিভলবার ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন বলেই খবর। এমনকি গুলি চালিয়েছিলেন। এরপর পুলিশের পাল্টা গুলিতে তিনি গুরুতর জখম হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বিজেপির নেতা সুজিত মণ্ডলকে খুনের অভিযোগে ২ মাস ধরে জেলবন্দি ছিলেন তিনি। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৫) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানি স্থগিত
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলার শুনানি আপাতত স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। এসআইআর প্রক্রিয়া এবং তার একক সিদ্ধান্তের বিরোধিতা করে রাহুল গান্ধীসহ অন্যান্যদের দায়ের করা মামলার শুনানি আগামী ১৭ নভেম্বর ধার্য করা হয়েছে। এর আগে নির্বাচন কমিশন আদালতে হলফনামা দিয়ে জানিয়ে দিয়েছিল যে, সমস্ত সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে। অন্যদিকে কমিশনের সেই হলফনামার জবাব দেওয়ার জন্য আবেদনকারীদের দুই সপ্তাহ সময় দেন প্রধান বিচারপতি। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৪) বেহালাকাণ্ডে অপরাধীদের বিবস্ত্র করে ঘোরাল পুলিশ
খাস কলকাতার বেহালার সরশুনায় প্রেমের সম্পর্কের জেরে এক যুবক এবং তাঁর বাবাকে মারধর করে বিবস্ত্র করে ঘোরানোর অভিযোগ উঠেছিল তরুণীর পরিবারের বিরুদ্ধে। তবে এই ঘটনায় পুলিশ তরুণীর বাবা, দাদা এবং মামাসহ মোট তিনজনকে গ্রেফতার করে। এরপর অপরাধের পুনর্নির্মাণের সময় ধৃত ওই তিনজনকে ঠিক একই কায়দায় খালি গায়ে হাফপ্যান্ট পরিয়ে ঘোরানো হয়েছে। পাশাপাশি কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানো হয়েছে তাঁদের। পুলিশের পদক্ষেপে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৩) তামিলনাড়ুর জেল থেকে পালাল ১৭ বন্দি
তামিলনাড়ুর এক জেলে মৃগী রোগের নাটক করে ১৭ জন বন্দি পালিয়ে গিয়েছেন বলে খবর। রাতে অসুস্থতার ভান করে এক বন্দি চিৎকার শুরু করলে কারারক্ষীরা জেলের ভেতরে প্রবেশ করেন। সেই সুযোগে বন্দিরা তাঁদের ওপর হামলা চালিয়ে পালিয়ে যান। ঘটনার পর পুলিশ তৎপর হয়ে তল্লাশি শুরু করে এবং একজনকে গ্রেফতার করতেও সক্ষম হয়। বাকি ১৬ জন বন্দিকে ধরতে ১৭টি বিশেষ দল গঠন করা হয়েছে। পাশাপাশি অন্য রাজ্যে পালিয়ে যাওয়া রোধ করতে সতর্কতা জারি করা হয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
২) গৃহবধূকে ধর্ষণ বিজেপি কর্মীর
নদীয়ার কৃষ্ণনগড়ের কোতোয়ালি থানা এলাকায় এক গৃহবধূকে বাড়িতে ঢুকে জোর করে ধর্ষণ এবং খুনের চেষ্টা অভিযোগ উঠল সুদীপ সরকার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি নিজেকে আবার বিজেপির কর্মী বলে দাবি করছেন। নির্যাতিতা এবং তাঁর পরিবারের অভিযোগ, অভিযুক্ত দীর্ঘদিন ধরে তাঁকে ব্ল্যাকমেইল এবং হুমকি দিয়ে আসছিল। ঘটনার পর কোতয়ালি থানায় মামলা দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে। আর নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
১) গাইঘাটায় ধর্ষণকাণ্ডে এনকাউন্টার
উত্তর ২৪ পরগনার গাইঘাটার এক নাবালিকা স্কুলছাত্রীকে যৌন হেনস্থা এবং খুনের ঘটনায় ধৃত মূল অভিযুক্ত প্রহ্লাদ দাসের মৃত্যু হল পুলিশের এনকাউন্টারে। মঙ্গলবার ভোররাতে ঘটনার পুনর্নির্মাণের সময় সে পুলিশের রিভলবার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে এবং গুলি চালায়। এরপর আত্মরক্ষার্থে পুলিশে পাল্টা গুলি চালালে সে গুরুতর আহত হয়। পরবর্তী সময়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন










