দল চ্যাম্পিয়ন, তাও ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে যাচ্ছেন বড় ফুটবলার

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। তাতে লাল হলুদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। অন্যদিকে প্রতিবেশী মোহনবাগান এবার চেষ্টা করেও লাভের গুড় খেতে পারেনি। তাই এবার সবুজ মেরুনের লক্ষ্য কলকাতা লিগ। সেই মতোই আগামী 3 জুন থেকে কলকাতা লিগের প্রস্তুতি শুরু করবে মোহনবাগান। আর তার আগেই উঠে আসছে বড় খবর। শোনা যাচ্ছে, এবছর মোহনবাগানের হয়ে খেলতে চলেছেন ইস্টবেঙ্গলের বাঙালি ফুটবলার সায়ন বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে থাকবে অন্যান্য এক ঝাঁক বাঙালি প্লেয়ার।

ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে সায়ন?

গত সিজনে ইস্টবেঙ্গলের হয়ে কলকাতা লিগে দাপিয়ে খেলেছিলেন সায়ন। দলের হয়ে গুরুত্বপূর্ণ সময়ে গোলও করেছিলেন তিনি। গতবার লাল হলুদের জন্য মোক্ষম অস্ত্র হয়ে উঠেছিলেন এই বাঙালি ফুটবলার। প্রতিপক্ষকে নাকানি চোবানি খাইয়ে গোল করার ক্ষমতা রয়েছে সায়ন বন্দ্যোপাধ্যায়ের। সেটা ভাল মতোই বুঝেছে মোহনবাগান। তাই হয়তো আসন্ন কলকাতা লিগে তাঁকে দলে রেখেই স্বপ্ন পূরণ করতে চাইছে সবুজ মেরুন।

বলাই বাহুল্য, গত সিজেন ভাল ছন্দে থাকা 16 জন ফুটবলারকেই দলে রাখছে মোহনবাগান। প্রিয়াংশ দুবে থেকে শুরু করে দীপ্রভাত ঘোষ, টংসিং, মিংমা শেরপারা মোহনবাগান ছেড়ে কোথাও যাচ্ছেন না। এদিকে দলের ক্ষমতা বাড়াতে সিনিয়র ব্রিগেডের রিজার্ভ বেঞ্চে রাখা হবে দীপেন্দু বিশ্বাস, সুহেল ভাট, অভিষেক সূর্যবংশীদের। এদিকে এক বিবৃতিতে জানানো হয়েছে ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে চুক্তি করেছেন সায়ন বন্দ্যোপাধ্যায়। এছাড়াও অন্য দল ছেড়ে সায়নের মতোই বাগানে ভিড়েছেন তন্ময় ঘোষ, রাজ বাসফোরেরা।

অবশ্যই পড়ুন: পুলিশের বিরুদ্ধে অভিষেককে খুনের চেষ্টার অভিযোগ, আজও জনতার রায় মানছেন না মমতা

যদিও মোহনবাগানের তরফে আনুষ্ঠানিকভাবে সায়ন বন্দ্যোপাধ্যায়ের যোগদান নিয়ে কিছুই জানানো হয়নি। তবে অনেকেই ধারণা করছেন খুব শীঘ্রই এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে বাগান। আর তারপরেই কলকাতা লিগে বাগানের জার্সিতে দেখা যাবে ইস্টবেঙ্গলের অন্যতম সফল ফুটবলারকে। এবছর ঘরোয়া লিগের জন্য মোহনবাগান দলের দায়িত্ব রয়েছে সিনিয়র ব্রিগেডের কোচ বাস্তব রায়ের উপর। সহকারি কোচ করা হয়েছে নীলাঞ্জন গুহকে। জানা যাচ্ছে, আগামী বুধবার থেকে দলের ফুটবলারদের নিয়ে দফায় দফায় কলকাতা লিগের অনুশীলন শুরু করাবেন তাঁরাই।