বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের মাটিতে বড়দের সিরিজে কঠিন অবস্থা পাকিস্তানের (Pakistan)। পরপর দুটি টেস্ট হেরে যাওয়ার পর এবার তৃতীয় টেস্টেও পরাজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে পাকিস্তান দল। এমতাবস্থায়, ইংল্যান্ডে খেলতে গিয়ে ব্যাপক হেনস্থার শিকার হতে হল পাকিস্তানের জুনিয়র দলকে। জানা যাচ্ছে, ইংল্যান্ডের (England) পোর্টসমাউথের একটি ফোর স্টার হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছিল পাকিস্তানের অনূর্ধ্ব দলের প্লেয়ারদের। আর সেই হোটেলের বাইরেই তাঁদের অবৈধ শরণার্থী ভেবে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।
পাকিস্তান দলকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের!
সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের পোর্টসমাউথে অভিবাসন নিয়ে উত্তেজনা বেড়েছে। এরই মাঝে সম্প্রতি ভাড়া করা একটি বাসে করে পাকিস্তানের অনূর্ধ্ব 19 দলের 40 জন সদস্য ওই ফোর স্টার হোটেলের সামনে নামতেই তাঁদের অবৈধ শরনার্থী ভেবে হাতে প্ল্যাকার্ড নিয়ে হোটেলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। সময়ের সাথে সাথে বাড়তে থাকে ভিড়। তাঁদের দাবি ছিল, অবৈধ অভিবাসীদের ইংল্যান্ডের মাটিতে জায়গা হবে না!
এদিন স্থানীয়দের বিক্ষোভ ঘিরে পরিস্থিতি ক্রমশ জটিল হতে শুরু করলে তড়িঘড়ি বিষয়টিতে হস্তক্ষেপ করেন স্থানীয় রিফর্ম কাউন্সিলর জর্জ ম্যাডগউইক। যোগাযোগ করেন হোটেল কর্তৃপক্ষের সাথে। পরবর্তীতে হোটেল কর্তৃপক্ষ দলের কোচের সাথে কথা বলে প্লেয়ারদের পরিচয় নিশ্চিত করার পরই স্থানীয় বাসিন্দারা বুঝতে পারেন তাঁরা অবৈধ শরণার্থী নন বরং ইংল্যান্ডে সফরকারি পাকিস্তানের ক্রিকেট দল। আর সেটা বুঝেই পরে যে যার মতো বাড়িতে ফিরে যান তাঁরা।
An anti-immigration protest in Portsmouth was cancelled after it mistook the Pakistan under-19 cricket team at a hotel for asylum seekers https://t.co/28r6uXugon
— Times Sport (@TimesSport) September 9, 2026
আরও পড়ুন: “মিডিল ক্লাস ফ্যামিলি থেকে এসেছে” বৈভবকে নিয়ে বড় কথা বলে দিলেন সৌরভ গাঙ্গুলি
এদিকে গোটা ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং লজ্জার বলে উল্লেখ করেছেন ম্যাডগউইক। তিনি অবশ্য জানিয়েছেন, পোর্টসমাউথের বাসিন্দারা অবৈধ অভিবাসন নিয়ে যথেষ্ট সতর্ক। তাঁরা পাকিস্তান ক্রিকেট দলের সদস্যদের বাসে করে হোটেলের সামনে নামতে দেখে ভেবেছিলেন হয়তো তাঁরা প্রত্যেকেই অবৈধ শরণার্থী। সে কারণেই ভুলবশত তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। শোনা যাচ্ছে, এই ঘটনার খবর পাওয়া মাত্রই পাকিস্তান ক্রিকেট বোর্ড ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সহ ওই হোটেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে প্লেয়ারদের খোঁজ খবর নিয়েছে।










