বিক্রম ব্যানার্জী, কলকাতা: শ্রীলঙ্কাকে (Sri Lanka)প্রথম টেস্টে গুটিয়ে দিল ভারত (India)। ম্যাচের একেবারে শুরু থেকেই বোঝা গিয়েছিল চলতি টেস্ট সিরিজে ভারতের দিকে পাল্লা ভারী। আসলে, লঙ্কানভূমিতে ভারতীয় দল ব্যাটে বলে দুই ক্ষেত্রেই প্রতিপক্ষকে একেবারে চেপে ধরেছিল। প্রথম টেস্টের প্রথম ইনিংসে নির্ধারিত সময়ের মধ্যেই 462 রান তুলে দিয়েছিল ভারত। পরবর্তীতে ফলো অন করতে গিয়ে 284 রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত করেছিল 193 রান। পরবর্তীতে 372। রানের লক্ষ্য তাড়া করতে নেমে একেবারে গুঁড়িয়ে গেল শ্রীলঙ্কা। ভারতীয় বোলারদের বিশেষ করে মানব সুথারের দাপটে উড়ল লঙ্কানদের একের পর এক উইকেট।
শ্রীলঙ্কার ঘুম কেড়ে নিল ভারত!
টেস্টের একেবারে শুরু থেকেই ব্যাট হাতে দাপট দেখিয়েছেন কে এল রাহুল, দেবদূত পাড্ডিকলরা। লঙ্কান বোলারদের বোকা বানিয়ে একের পর এক চার ছয়ে দলের স্কোরবোর্ডে সংখ্যা বাড়িয়ে গিয়েছিলেন তাঁরা। অধিনায়ক শুভমন গিল অবশ্য প্রথম এবং দ্বিতীয় ইনিংসে হতাশ করেছেন। প্রথম টেস্টের প্রথম ইনিংসে 16 এবং দ্বিতীয় ইনিংসে মাত্র 8 রান করে মাঠ ছাড়েন তিনি। কিন্তু তাতে অবশ্য জয় হাসিল করতে সমস্যা হয়নি ভারতের।
টানা পাঁচ দিনের লড়াইয়ে শ্রীলঙ্কাকে ব্যাটিং দাপট দেখানোর সাথে সাথে বল হাতেও যোগ্য জবাব দিয়েছে টিম ইন্ডিয়া। ভারতীয় বোলাররা বুঝিয়ে দিয়েছেন ঘরের মাঠের বাইরেও তাঁরা উইকেট তুলতে কতটা সিদ্ধহস্ত। প্রথম তিন ইনিংসের পর পঞ্চম দিনে ভারতের দেওয়া 372 রানের লক্ষ্য তাড়া করছিল শ্রীলঙ্কা। তবে এই আসরে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের একেবারে টিকতেই দেয়নি টিম ইন্ডিয়ার বোলিং বিভাগ।
আরও পড়ুন: সুজিত বসুর মামলা ছেড়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি, নেপথ্যে বিরাট কারণ
শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে বল হাতে একেবারে তান্ডব চালান ভারতীয় দলের তরুণ বোলার মানব সুথার। একেবারে একার হাতেই শ্রীলঙ্কার জয়ের স্বপ্ন ভেঙে চুরমার করে দেন তিনি। তুলে নেন 6টি গুরুত্বপূর্ণ উইকেট। আর সেই সূত্রেই ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে একেবারে উড়ে গেল শ্রীলঙ্কা। বলে রাখা প্রয়োজন, সুথার ছাড়াও বাকি চারটি উইকেট ভাগাভাগি করে নিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা (2টি উইকেট), মহম্মদ সিরাজ (1টি উইকেট) এবং রবীন্দ্র জাদেজা (1টি উইকেট)। আর সেই সূত্রেই 165 রানের বিরাট ব্যবধানে প্রথম টেস্ট জিতে গেল ভারত।










