বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়ান গেমসের ঐতিহাসিক ম্যাচে জাপানের কাছে হারতে হারতে বেঁচে গিয়েছে ভারত (Team India)। 2 রানের ব্যবধানে জয় ছিনিয়ে এনেছেন শ্রেয়স আইয়াররা। যা দেখে কার্যত অবাক গোটা ক্রিকেট বিশ্ব। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের মতো শক্তিশালী দলের সামনে জাপানের মতো চুনোপুঁটি দলের এমন শক্তিশালী পারফরমেন্স আদতেই আশা করেননি অনেকে। যদিও শেষ পর্যন্ত নিরাশ হতে হয়েছে জাপানের প্লেয়ারদের। আর এসব নিয়েই বড় মন্তব্য করে বসলেন দেশটির প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো (Japan On India)।
ভারত বনাম জাপান ম্যাচ নিয়ে বড় মন্তব্য কোনোর
বৃষ্টির কারণে গতকাল এশিয়ান গেমসের ঐতিহাসিক ম্যাচের সময় নেমে এসেছিল পাঁচ ওভারে। আর সেই আসরেই প্রথমে ব্যাট করতে নেমে 32 রান তুলেছিল ভারত। পরবর্তীতে 33 রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে 30 রানে আটকে যায় জাপান। তবে এদিন ভারতকে কঠিন লড়াই উপহার দিয়েছিল তারা। আর সেসব নিয়েই ANI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে জাপানের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী তথা লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা তারো কোনো বলেন, “আমি ভেবেছিলাম ভারতীয় দল আমাদের মেরে ফেলবে, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা প্রায় আমাদের হাতেই ছিল।”
সহজ করে বলতে গেলে, জাপানের ওই প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী মনে করেছিলেন এশিয়ান গেমসের ম্যাচে খুব সহজেই জাপানের পুরুষ দলকে হারিয়ে দেবে ভারত। তবে শেষ পর্যন্ত ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ায় খুশি তিনি। তাঁর দাবি, জাপানের ক্রিকেট দল খুব ভাল পারফর্ম করেছে। দেশটিতে ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তোলা দরকার। একই সাথে কোনো আশা করছেন, অলিম্পিকে অংশগ্রহণের মধ্যে দিয়ে আগামী দিনে জাপানের ক্রিকেট ভবিষ্যৎ উজ্জ্বল হবে।
আরও পড়ুন: অভিষেক থেকে আইয়ার, দাঁড়াতে দেননি কাউকেই! জাপানের স্কুল স্টুডেট বোলার ‘দ্বিতীয় জাদেজা’
উল্লেখ্য, এশিয়ান গেমসে ক্রিকেটের ময়দানে এই প্রথমবারের মতো মুখোমুখি হল ভারত এবং জাপানের পুরুষ দল। যার ফলে এই ম্যাচটি ছিল আদতেই ঐতিহাসিক। আসলে ভারত এবং জাপানের কূটনৈতিক সম্পর্কের 75 বছরের পূর্তি উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল এই ম্যাচ। তবে সেই আসরে জিতে গেলেও ভারতীয় দলের ব্যাটিং অর্ডার এখন প্রশ্নের মুখে।










