বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী (Manu Bhaker On Vaibhav Sooryavanshi)। তাঁকে নিয়ে কৌতুহলী কম বেশি সকলেই। সম্প্রতি বিহারের এই কিশোরকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতীয় শুটার মনু ভাকেরকে। ন্যাশনাল শুটিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার 75 তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মনু ভাকের। সেখানে অনুষ্ঠান চলাকালীন সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় বৈভবকে নিয়ে কিছু প্রশ্নের সম্মুখীন হন তিনি। আর তাতেই কার্যত রেগে লাল দেশবাসী! একজন শুটারকে ক্রিকেটার সম্পর্কে প্রশ্ন করায় তোলপাড় নেট দুনিয়া!
বৈভবকে নিয়ে মনু ভাকেরকে প্রশ্ন করায় ক্ষুব্ধ নেট নাগরিকরা
এদিন ন্যাশনাল শুটিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার 75 তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান উপলক্ষ্যে শুটিং লিগ অফ ইন্ডিয়া সহ তৃণমূল স্তরের কর্মসূচি এবং 2028 অলিম্পিকের সাথে যুক্ত অ্যাথলেট অ্যাপ উন্মোচনের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হচ্ছিল। ঠিক সেই সময় অনুষ্ঠানের মাঝেই সাংবাদিকরা মনু ভাকেরকে কিশোর বৈভব সূর্যবংশী সম্পর্কে প্রশ্ন করেন। তার উত্তরে ভারতীয় অলিম্পিক পদকজয়ী জানিয়েছিলেন, “যদি বৈভব সূর্যবংশী সঠিক পরামর্শ এবং ইতিবাচক পরিবেশ পায় তবে সে ভারতীয় ক্রিকেট জগতের পরবর্তী উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠতে পারে। এর জন্য তাঁকে চোখে চোখে রাখা প্রয়োজন। সঠিক নির্দেশনারও দরকার।”
একজন অলিম্পিক পদকজয়ীকে শুটিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার অনুষ্ঠানে ক্রিকেটার প্রসঙ্গে প্রশ্ন করায় বেশ ক্ষুব্ধ দেশবাসীর একাংশ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি দেখার পর অনেকেই লিখছেন, “ভারতে ক্রিকেটের এতটাই জনপ্রিয়তা বেড়ে গিয়েছে যে অন্যান্য খেলোয়াড়দের অবমূল্যায়ন করা হচ্ছে। কেন একজন শুটারকে ক্রিকেটার সম্পর্কে প্রশ্ন করা হবে?” এ নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন কলকাতা নাইট রাইডার্স দলের প্রাক্তন টিম ডিরেক্টর জয় ভট্টাচার্যও। নিজের এক্স হ্যান্ডেলে মনু ভাকেরের সাক্ষাৎকারের দৃশ্য আপলোড করে গোটা ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।
Folks, she is an Olympic medallist. To ask her what she thinks of Vaibhav Sooryavanshi is unfair on her achievements and her sports. Cricket anyway is the ruling passion of the country, your sports editors do not need another celebrity quote to spin a headline on Sooryavanshi.… https://t.co/Ha4RsO1rf8
— Joy Bhattacharjya (@joybhattacharj) April 27, 2026
অবশ্যই পড়ুন: ফের বদলাতে চলেছে LPG সিলিন্ডার বুকিংয়ের নিয়ম, না জানলে বিপদ!
নিজের এক্স হ্যান্ডেলে ওই ভিডিও পোস্ট করে জয় ভট্টাচার্য লিখেছেন, “বন্ধুরা, তিনি একজন অলিম্পিক পদকজয়ী। বৈভব সূর্যবংশী সম্পর্কে তিনি কী ভাবেন, সেটা তাঁকে জিজ্ঞেস করাটা তাঁর নিজস্ব ব্যক্তিত্ব, অর্জন এবং খেলার প্রতি অবিচার।। ক্রিকেট তো এমনিতেই এই দেশের সবচেয়ে বড় আবেগ। সূর্যবংশীকে নিয়ে শিরোনাম করার জন্য আপনাদের ক্রীড়া সম্পাদকের অন্য কোনও সেলিব্রিটিদের বক্তব্যের প্রয়োজন নেই। তার বদলে, পরেরবার বৈভব সূর্যবংশীকে মনু ভাকের সম্পর্কে জিজ্ঞেস করে দেখুন, আর তাঁর মুখের অভিব্যক্তিটা খেয়াল করুন।”










