বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেটের জন্য সুখবর! সব ঠিক থাকলে, খুব শীঘ্রই টিম ইন্ডিয়ার জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হতে পারে অভিজ্ঞ পেসার মহম্মদ শামির (Mohammed Shami)। একটা দীর্ঘ সময় জাতীয় দল (Team India) থেকে বিচ্ছিন্ন থাকার পর মন থেকে কার্যত ভেঙে পড়েছিলেন ভারতীয় ক্রিকেটার। একটা সময় টিম ইন্ডিয়ায় ফেরার আশা ছেড়ে দিয়ে ঘরোয়া ক্রিকেটে নিজেকে উজাড় করে দিয়েছেন এই তারকা। মাঝে বেশ কয়েকবার জল্পনা বেড়েছিল টিম ইন্ডিয়ায় ফিরতে পারেন শামি। সেসবে সিলমোহর না পড়লেও এবার শোনা যাচ্ছে পাকাপাকিভাবে নাকি ভারতীয় ওয়ানডে দলে ফিরতে চলেছেন তিনি।
ভারতীয় দলে ফিরছেন শামি?
শেষবারের মতো গতবছর অর্থাৎ 2025 সালের 9 মার্চ, দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফি চলাকালীন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের জার্সিতে মাঠে নেমেছিলেন শামি। এরপর থেকে আর টিম ইন্ডিয়ায় দেখা যায়নি তাঁকে। মাঝে একাধিকবার সুযোগ তৈরি হলেও এই তারকা ক্রিকেটারকে ডেকে নেয়নি ম্যানেজমেন্ট। বরং জায়গা দেয়া হয়েছে তরুণ, অনভিজ্ঞ ক্রিকেটারদের। তাতে অবশ্য মন খারাপ বাড়ে ভারতীয় তারকার। তবে এবার সম্ভবত শামির দিকে মুখ তুলে চাইতে পারে ম্যানেজমেন্ট।
কয়েকটি রিপোর্ট অনুযায়ী, বিশেষ কারণে শামিকে ভারতীয় ওয়ানডে দলে ফিরিয়ে আনা হতে পারে। যা খবর, আসন্ন 2027 ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখেই জাতীয় দলে অভিজ্ঞ বোলারদের সংখ্যা বাড়াতে চাইছেন প্রধান কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচকরা। ঠিক সে কারণেই শামিকেই ওয়ানডে দলে ফিরিয়ে আনা হতে পারে। সূত্র যা বলছে, সব ঠিক থাকলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজেই টিম ইন্ডিয়ায় প্রত্যাবর্তন করবেন ভারতীয় দলের এক সময়কার নিয়মিত বোলার।
আরও পড়ুন: আর ৬ মাস, কেঁপে যাবে বিশ্ব! রাশিয়ার পর পরমাণু শক্তিতে বড় সাফল্যের পথে ভারত
বলাই বাহুল্য, সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত ছন্দে রয়েছে ভারত। টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডেতে বিগত দিনগুলিতে ক্ষমতা জাহির করেছে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের প্রথম দুটিতেই দাপট দেখিয়ে জয় হাসিল করেছে ভারত। আসন্ন ম্যাচগুলিতেও জয়ের ধারা অব্যাহত রেখে একদিনের বিশ্বকাপে নামতে চাইছে টিম ইন্ডিয়া। আর সেই লড়াইয়ে শামি ভারতের সঙ্গী হলে মন্দ লাগবে না ভক্তদের।










