বিক্রম ব্যানার্জী, কলকাতা: গ্লাসগো কমনওয়েলথ গেমস (Commonwealth Games) 2026 এ খেলতে গিয়ে পাকিস্তান দলের হোটেল থেকে হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন পাক বক্সার (Pakistani Boxer) কুদরাতুল্লাহ। এই প্রথমবার নয়, এর আগেও বহু আন্তর্জাতিক প্রতিযোগিতা চলাকালীন নিখোঁজ হয়ে গিয়েছেন পাকিস্তানের একাধিক বক্সার। তাতেই বিপাকে পড়েছে পাকিস্তানের বক্সিং ফেডারেশন। কিন্তু ঠিক কেন হঠাৎ বিদেশে গিয়ে হারিয়ে যাচ্ছেন পাকিস্তানের বক্সাররা? প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে পশ্চিমের দেশ।
খেলতে গিয়ে উধাও হয়ে যাচ্ছেন পাকিস্তানের বক্সাররা
পাকিস্তানের অলিম্পিক অ্যাসোসিয়েশনের একটি সূত্র মারফত জানা গিয়েছে, নিজের বিভাগে প্রতিযোগিতা শেষ করেছিলেন কুদরাতুল্লাহ। আর তারপরই হঠাৎ উধাও হয়ে যান তিনি। জানা গিয়েছে, ওই পাক খেলোয়াড়ের পাসপোর্ট টিম ম্যানেজারের কাছে ছিল। কিন্তু তা সত্বেও হঠাৎ উধাও হয়ে গেলেন ওই পাকিস্তানি বক্সার। জানলে অবাক হবেন, এর আগে 2022 সালে ঠিক একইভাবে নিজেদের টিম ম্যানেজারের কাছে পাসপোর্ট রেখে দিয়ে উধাও হয়ে গিয়েছিলেন সুলেমান বালোচ ও নাজিরুল্লাহ খান। তাঁরা অবশ্য নিখোঁজ হয়েছিলেন বার্মিংহাম থেকে।
এখানেই শেষ হচ্ছে না পাকিস্তানি প্রতিযোগীদের উধাও হওয়ার ইতিহাস। 2024 সালের বিশ্ব অলিম্পিক কোয়ালিফায়ারে এশিয়ান সোনা জয়ী পাক বক্সার জোহেব রশিদ তাঁর রুমমেটের একাধিক মূল্যবান জিনিস চুরি করে পালিয়ে ছিলেন। আর এসব ঘটনা ঘিরেই ঘনাচ্ছে রহস্য। প্রশ্ন উঠছে, চুরির অভিযোগ না থাকলেও হঠাৎ করে কোথায় উধাও হয়ে যাচ্ছেন পাকিস্তানের বাকি বক্সাররা? সেই উত্তর খুঁজতে চলছে তদন্ত।
অবশ্যই পড়ুন: আগরকরের দিন শেষ! টিম ইন্ডিয়ার নতুন প্রধান নির্বাচক হতে পারেন এই কিংবদন্তি
উল্লেখ্য, এবছর কমনওয়েলথ গেমসে বক্সিং প্রতিযোগিতায় অংশ নিয়েছিল উগান্ডার জাতীয় দল। সেই দলের চারজন সদস্য ছিলেন স্কটল্যান্ডেই। উগান্ডার এক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর দেশে ফিরে যাওয়ার আগে স্কটল্যান্ডে নিখোঁজ হয়ে যান ওই চারজন বক্সার।










