মোহনবাগানকে গালিগালাজ ইস্টবেঙ্গল ভক্তদের, অন্য দলে খেললেও রুখে দাঁড়ালেন প্রীতম কোটাল

Published:

Pritam Kotal

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের লজ্জাজনক ঘটনার সাক্ষী থাকল ভারতীয় ফুটবল (Indian Football)। IFA শিল্ডের ম্যাচে গতকাল বারাসাত স্টেডিয়ামে শ্রীনিদি ডেকান নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে 3-0 গোলে হেরেছে। আর সেই ম্যাচের পরই স্টেডিয়াম চত্বরে হঠাৎ মোহনবাগানকে উদ্দেশ্য করে গালিগালাজ করার অভিযোগ উঠেছে ইস্টবেঙ্গল সমর্থকদের বিরুদ্ধে। আর সেই ঘটনায় প্রতিবাদ জানাতে গিয়ে লাল হলুদ সমর্থকদের রোষানলে পড়তে হল বাঙালি ফুটবলার প্রীতম কোটালকে (Pritam Kotal)। বলে রাখা প্রয়োজন, বর্তমানে সবুজ মেরুনে না খেললেও মন থেকে একজন মোহনবাগানি প্রীতম।

অন্য দলের প্লেয়ার হয়েও প্রতিবাদ করায় প্রীতমকে গালিগালাজ

গতকাল, শ্রীনিদি ডেকানের হয়ে মাঠে নেমেছিলেন বাঙালি ফুটবলার প্রীতম কোটাল। সেই আসরে হারের পর টিম বাসের দিকে যাচ্ছিলেন প্রীতম এবং দলের অন্যান্য ফুটবলারেরা। ঠিক সেই সময় ইস্টবেঙ্গলের জার্সি গায়ে কয়েকজন সমর্থক প্রীতমদের ঘিরে ধরে নানান মন্তব্য করতে থাকেন। জানা গিয়েছে, এদিন বিশেষ করে মোহনবাগানকে উদ্দেশ্য করে নানান কটুক্তি করছিলেন লাল হলুদ সমর্থক হিসেবে দাবি করা কয়েকজন স্থানীয় যুবক। প্রাথমিকভাবে দলের অন্যান্য প্লেয়াররা কিছু না বললেও সেই ঘটনায় প্রতিবাদ জানিয়েছিলেন প্রীতম।

সোশ্যাল মিডিয়ায় ভেসে আসা কয়েকটি ভিডিও মারফত জানা গিয়েছে, মোহনবাগানের নামে লাল হলুদ জার্সি পরিহিত সমর্থকরা যখন কটুক্তি করছিলেন ঠিক সেই সময় ঘুরে দাঁড়িয়ে তাঁদের বারণ করেন বাঙালি ফুটবলার। আর প্রীতম প্রতিক্রিয়া জানাতেই তাঁকে উদ্দেশ্য করে নানান অকথা কুকথা বলতে শোনা যায় ওই ফুটবল ভক্তদের! অভিযোগ, প্রীতমের পাশাপাশি তাঁর মা-বাবার নাম করেও গালিগালাজ করার অভিযোগ উঠেছে ইস্টবেঙ্গল সমর্থকদের বিরুদ্ধে! যদিও অভিযুক্তরা আদৌ ইস্টবেঙ্গল সমর্থক কিনা তা নিয়ে সংশয় রয়েছে ফুটবল মহলের একাংশের।

আরও পড়ুন: “ভারত-বাংলাদেশের মধ্যে শত্রুতার কারণ শেখ হাসিনা” জানিয়ে দিল আমেরিকা!

ফুটবল বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, ক্রীড়াক্ষেত্রে বিশেষ করে ময়দানে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মধ্যে রেষারেষি থাকবেই, কিন্তু তাই বলে নিজেদের ফুটবল ভক্ত হিসেবে জাহির করে অন্য দলকে গালিগালাজ করাটা একেবারেই শোভনীয় নয়। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, মোহনবাগান অন্ত প্রাণ প্রীতম কোটাল লাল হলুদ সমর্থকদের এমন কর্মকাণ্ডের প্রতিবাদ জানানোয় তাঁকেও নির্দ্বিধায় জঘন্য সব মন্তব্য করলেন সমর্থকরা! তাতে যথেষ্ট চটে গিয়েছেন ফুটবল মহলের একটা বড় অংশ। অনেকেই প্রশ্ন তুলছেন, “অভিযুক্ত যুবকেরা কি আদৌ ইস্টবেঙ্গল সমর্থক? তাঁরা কি আদৌ ফুটবলটা বোঝে?”

google button