ইস্টবেঙ্গলে থেকে সম্ভব হচ্ছিল না? মোহনবাগানে যাওয়ার কারণ জানালেন সায়ন

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা লিগে আজ অভিযান শুরু করছে মোহনবাগান (Mohun Bagan Super Giant)। কোচ বাস্তব রায়ের দেখানো পথে হেঁটে সাফল্যের গন্ধ খুঁজবে সবুজ মেরুন। আর সেই ম্যাচের আগেই ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে আসার কারণ ব্যাখ্যা করলেন বঙ্গ ফুটবলার সায়ন বন্দ্যোপাধ্যায় (Sayan Banerjee)। মশাল শিবিরে থাকাকালীন একাধিক সাফল্য নিজের গায়ে মেখেছেন এই সায়ন। লাল হলুদের সাফল্যে বড় অবদান রয়েছে তাঁর। এই খেলোয়াড় হঠাৎ মোহনবাগানেই কেন? প্রশ্ন তুললেও এতদিন উত্তর পাননি ভক্তরা।

মোহনবাগানে আসার কারণ ব্যাখ্যা করলেন সায়ন

এ বছর ইন্ডিয়ান সুপার লিগ জিতেছে ইস্টবেঙ্গল। গত বছর সেই চ্যাম্পিয়নদের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সায়ন। কলকাতা লিগে বল পায়ে দাপিয়ে বেরিয়েছেন গোটা মাঠ। সেই প্লেয়ারকে বছর ঘুরতে না ঘুরতেই ছিনিয়ে নিয়েছে মোহনবাগান! এ বছর কলকাতা লিগের মঞ্চে সবুজ মেরুন জার্সিতেই খেল দেখাতে চলেছেন সায়ন। বিষয়টা কতটা চাপের? এমন প্রশ্নের উত্তরে, বাঙালি ফুটবলার জানালেন, এখানে চাপের কোনও বিষয় নেই। এটা খুব স্বাভাবিক। এটাতো প্রমোশন। কেউ ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে আসে, কেউ আবার মোহনবাগান ছেড়ে ইস্টবেঙ্গলে যায়।

কোন কারণে ইস্টবেঙ্গলকে ত্যাগ করে মোহনবাগানকে বেছে নেওয়া? এমন প্রশ্ন শুনতেই সায়ন বলে উঠলেন, “এটা খুব স্বাভাবিক। আমার লক্ষ্য ভাল ফুটবল খেলা। গোল করা। গোল করতে সহায়তা করা। সর্বোপরি দলকে জেতানো। এর আগেও কলকাতা লিগে চার পাঁচটা গোল করেছি। এবছর সেই রেকর্ড ছাপিয়ে যেতে চাই।”

অবশ্যই পড়ুন: দীর্ঘদিন গা ঢাকা দিয়েও হল না শেষ রক্ষা, অবশেষে গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

সায়নের আশা, ফুটবলে নিজের দখল জমিয়ে জাতীয় দলে জায়গা করে নেওয়া। সেজন্য যা করতে হয় করবেন তিনি। বাঙালি ফুটবলারের কথায়, “সিএফএলে ভাল ফুটবল খেলে জাতীয় দলের জায়গা করে নিতে চাই। সেটাই আমার প্রধান লক্ষ্য।” ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে এলেও লাল হলুদের প্রতি বিশেষ ক্ষোভ বা রাগ নেই সায়নের।