বিক্রম ব্যানার্জী, কলকাতা: জিম্বাবুয়ে সিরিজে ফের ব্যাট হাতে তান্ডব চালালেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পরপর দুটি জিতে আগেই জয় ঘোষণা করেছিল টিম ইন্ডিয়া। ফলে, তিন নম্বর ম্যাচটি হয়ে পড়েছিল শুধুমাত্র নিয়ম রক্ষার। আর সেই ম্যাচেই ওপেনিং করতে নেমে একার হাতে 81 রান করলেন বৈভব। বড় ইনিংস খেললেও এদিন ইতিহাস তৈরির সুযোগ হাতছাড়া হল বিহারের কিশোরের।
অল্পের জন্য বিশ্বরেকর্ড হাতছাড়া হল বৈভবের
ইংল্যান্ডের বিরুদ্ধে গত টি-টোয়েন্টি সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বৈভব সূর্যবংশীর। সেই সূত্রেই সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করার সাথে সাথেই সচিন তেন্ডুলকরের বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছিলেন এই ভারতীয় ক্রিকেটার। তবে সেই সিরিজে অবশ্য বড় রান করতে পারেননি তিনি। ছন্দে ফিরলেন জিম্বাবুয়ের বিরুদ্ধে।
চলতি টি-টোয়েন্টি সিরিজেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অর্ধশতরান করেন 15 বছরের তারকা। অপেক্ষায় ছিলেন সেঞ্চুরির। জিম্বাবুয়ের বিরুদ্ধে শেষ অর্থাৎ তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে সেই সুযোগও তৈরি হয়েছিল ভারতীয় তারকার সামনে। তবে অল্পের জন্য সেঞ্চুরি ফসকাল বৈভবের হাত থেকে। এদিন অভিষেক শর্মার সাথে ওপেনিং করতে নেমে দাপুটে ব্যাটিং করেন সূর্যবংশী। অভিষেক দুই রানে আউট হয়ে মাঠ ছাড়লেও বৈভবের হাতে পেটানি খেতে হয়েছিল প্রতিপক্ষের বোলারদের।
অবশ্যই পড়ুন: “গুন্ডা দমন আইনেই ব্যবস্থা হবে!” সাংবাদিকদের উপর হামলাকারীদের নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর
রবিবারের ম্যাচে ব্যাট হাতে 49 বলে 81 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন বৈভব। তবে বড় রান করেও অল্পের জন্য বিশ্ব রেকর্ড হাতছাড়া হল তাঁর। এদিন বৈভব যদি সেঞ্চুরি করতে পারতেন তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়ে ফেলতে পারতেন তিনি। মাত্র 15 বছর 121 দিন বয়সেই বিশ্বের এক নম্বর ক্রিকেটার হয়ে ওঠার সুযোগ ছিল তাঁর কাছে। তবে ভাগ্য সহায় না হওয়ায় 19 রান বাকি থাকতেই থামতে হল ভারতীয় কিশোরকে।










