বিক্রম ব্যানার্জী, কলকাতা: অভিষেক শর্মার পর এবার বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi) নিয়ে কাজ করার ইচ্ছে প্রকাশ করলেন ভারতীয় দলের প্রাক্তন সদস্য তথা এক সময়কার দাপুটে অলরাউন্ডার যুবরাজ সিং। এদিন, ভারতের খুদে ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন যুবরাজ। টিম ইন্ডিয়ার প্রাক্তন সদস্য জানান, বৈভব সূর্যবংশীর মধ্যে তিনি ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন। এদিন একেবারে অভিষেক শর্মা এবং বৈভবকে সামনে দাঁড় করিয়েই এই মন্তব্য করেছিলেন যুবরাজ।
বৈভবের ব্যাটিং উন্নত করতে চান যুবরাজ সিং!
সদ্য উইম্বলডন 2026 চলাকালীন ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং জিও হটস্টারকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, “আমি অভিষেক শর্মার সাথে দীর্ঘদিন কাজ করেছি। এখন আমি বৈভব সূর্যবংশীর সাথে সময় কাটাতে চাই। ওর সামনে উজ্জ্বল কেরিয়ার। ও প্রচন্ড সিরিয়াস খেলোয়াড়। আমি নিশ্চিত ও অনেক দূর যাবে।”
এদিন ক্যামেরার মুখোমুখি হয়ে বৈভব এবং অভিষেক দুজনকে পাশে দাঁড় করিয়ে যুবরাজ সিং বলেন, অভিষেক শর্মা টার্মিনেটর 4 এবং বৈভব সূর্যবংশী টার্মিনেটর 6। আর এই দুই ক্রিকেটারই তাঁর থেকে ভাল খেলেন বলেই দাবি করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা। সব মিলিয়ে বলাই যায়, অভিষেক শর্মাকে নিজের হাতে করে তৈরি করে টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর ব্যাটসম্যান বানানোর পর এবার বৈভবের ক্রিকেটের উন্নতি করার পন করলেন যুবরাজ!
অবশ্যই পড়ুন: প্রেমিক-প্রেমিকার সাথে পালিয়ে যাওয়া নিয়ে বিরাট মন্তব্য সুপ্রিম কোর্টের
প্রসঙ্গত, অভিষেক শর্মার পাশাপাশি বৈভব সূর্যবংশীও যুবরাজ সিংকে নিজের আইডল মনে করেন। এদিন ক্যামেরার মুখোমুখি হয়ে অভিষেকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সে কথাই জানিয়েছেন তিনি। বৈভব বলেছেন, “তিনি আমার আইডল। প্রথম দিন যখন দেখা হয়েছিল আমার খুব ভাল লেগেছিল। অনেক কথা হয়েছে। এটা ভেবে ভাল লাগছে যে অনেক কিছু শিখতে পারছি। ভবিষ্যতেও আমি তাঁর থেকে ক্রিকেট সম্পর্কে অনেক কিছু জানতে পারবো।”










