সৌভিক মুখার্জী, কলকাতা: এখন স্মার্টফোনের থেকেও দ্রুত গতিতে চার্জ হবে ইলেকট্রিক গাড়িতে (Electric Vehicle)! হ্যাঁ, চিনা গাড়ি নির্মাতা সংস্থা BYD বাজার নিয়ে এসেছে তাদের নতুন চমক Song Ultra EV। এই ইলেকট্রিক এসইউভি লঞ্চ হতেই গ্রাহকদের মধ্যে একেবারে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। শুধুমাত্র প্রথম সপ্তাহেই 10 হাজার অর্ডার এসেছিল, যা কিনা এক মাস শেষে 61 হাজার ছাড়িয়ে গিয়েছে।
স্মার্টফোনের থেকেও দ্রুত গতিতে চার্জ
আসলে এই গাড়ির সবথেকে বড় আকর্ষণ হল এর সুপারফাস্ট চার্জিং প্রযুক্তি। BYD তাদের নতুন ব্লেড ব্যাটারি 2.0 এবং ফ্লাশ চার্জিং প্রযুক্তি ব্যবহার করছে। সবথেকে বড় ব্যাপার, মাত্র 5 মিনিট চার্জ দিলেই ব্যাটারি 10% থেকে একেবারে 70% ফুল চার্জ হয়ে যাচ্ছে। আর 0 থেকে 97% চার্জ হতে সময় লাগছে মাত্র 9 মিনিট। এমনকি মাইনাস 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও এই গাড়ি মাত্র 12 মিনিটে চার্জ হচ্ছে।
মাইলেজ শুনলে চমকাবেন
উল্লেখ্য, BYD Song Ultra EV দুটি ব্যাটারি ভেরিয়েন্টে বাজারে এসেছে। প্রথমে রয়েছে 68.4 kWh প্যাক। এটি একবার ফুল চার্জ দিলেই 605 কিলোমিটার পর্যন্ত রাস্তা অতিক্রম করতে পারছে। আর দ্বিতীয়ত রয়েছে 82.7 kWh প্যাক। যারা লং রাইড করতে চান, তাদের জন্য এই মডেলটি আনা হচ্ছে। এই মডেল একবার চার্জ দিলেই 710 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেয়। এমনকি গাড়ির পিছনে থাকা শক্তিশালী ইলেকট্রিক মোটরটি 362 hp শক্তি উৎপন্ন করতে পারে।
ইন্টেরিয়র এবং ফিচার্সে নজরকাড়া
গাড়ির ভেতরে ঢুকলে মনে হবে যে আপনি কোনও ভবিষ্যতেত যানে হয়তো বসে রয়েছেন। কারণ, এতে রয়েছে 15.6 ইঞ্চির একটি বিশাল টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। আর তার সঙ্গে 10.25 ইঞ্চির ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে থাকছে। পাশাপাশি চালকের সুবিধার্থে উইন্ডশিল্ডে 26 ইঞ্চির একটি হেড-আপ ডিসপ্লে ব্যবহার করা হচ্ছে। আর এতে ‘God’s Eye’ নামক একটি উন্নত সিস্টেম রয়েছে। পাশাপাশি 27টি সেন্সর এবং লিডার প্রযুক্তির সাহায্যে এটি হাইওয়ে বা শহরে নিজে থেকেই চলতে বা পার্ক হতে পারে।
আরও পড়ুন: ‘শওকত মাছ চোর’ গানে পাগল সোশ্যাল মিডিয়া! কীভাবে বানানো? মুখ খুললেন বিদায়ী বিধায়ক
দাম শুনলে ভিমড়ি খাবেন
তবে ফিচার্সের তুলনায় এই গাড়ির দাম সত্যিই মধ্যবিত্তদের নাগালের মধ্যে। জানলে অবাক হবেন, চিনের বাজারে এই গাড়ির এক্স শোরুম দাম মাত্র 1 লক্ষ 51 হাজার 900 ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় আনুমানিক 21 লক্ষ টাকার কাছাকাছি। আর এই বাজেটে এত উন্নত ফিচার্সের কারণে সাধারণ মানুষের পছন্দের তালিকায় যে এই গাড়ি উঠে আসবে তা বলার অপেক্ষা রাখে না।










