সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের স্মার্টফোন বাজারে চিনা ব্র্যান্ডগুলোর আধিপত্যকে কড়া টক্কর দিতে এবার বিশাল গেম খেলল দেশীয় সংস্থা লাভা ইন্টারন্যাশনাল। বেশ কিছুদিন ধরে চর্চায় থাকার পর অবশেষে ভারতে অফিশিয়াল ভাবে লঞ্চ করেছে লাভার অত্যন্ত সাশ্রয়ী 5G স্মার্টফোন Lava Shark 2 5G। মাত্র 12 হাজার টাকার কম বাজেটে এই ফোনে দেওয়া হচ্ছে 6,000mAh এর দারুণ ব্যাটারি, 120Hz রিফ্রেশ রেট সম্পন্ন ডিসপ্লে এবং কোনও বাড়তি অ্যাড ছাড়া সম্পূর্ণ ক্লিন স্টক অ্যান্ড্রয়েডের অভিজ্ঞতা। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
ভেরিয়েন্ট, কালার এবং ভারতের বাজারে দাম
উল্লেখ্য, Lava Shark 2 5G ফোনটি ভারতীয় বাজারে একটি 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যার দাম মাত্র 11,999 টাকা। আর আগামী 10 জুন থেকে ভারতের বাজারে ফোনটি বিক্রি শুরু হবে। গ্রাহকরা ফোনটি দুটি আলাদা রঙের অপশনে কিনতে পারবে। সেগুলি হল সোনার গোল্ড এবং ব্লু। সবথেকে আকর্ষণীয় বিষয় হল, লাভা এই ফোনের সঙ্গে গ্রাহকদের সম্পূর্ণ বিনামূল্যে বাড়িতে গিয়ে পরিষেবা দেওয়া বা ফ্রি হোম সার্ভিসের প্রতিশ্রুতিও দিয়েছে।
এদিকে বাজেট রেঞ্জের ফোন হলেও পারফরম্যান্সের দিক থেকে কোনও রকম আপস করেনি লাভা। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6 ন্যানোমিটার প্রসেসে তৈরি শক্তিশালী Octa-core UNISOC T8200 প্রসেসর। এছাড়া এই চিপসেট সর্বোচ্চ 2.1GHz থেকে 2.3GHz ক্লক স্পিডে কাজ করতে পারে। লাভার দাবি অনুযায়ী, এই প্রসেসরের সাহায্যে ফোনটি ল্যাব টেস্টে 5 লক্ষের বেশি AnTuTu স্কোর অর্জন করেছে, যা এই সেগমেন্টের অন্যান্য প্রসেসরের তুলনায় অনেকটাই বেশি। ফলে গেমিং নিয়ে কোনও রকম কথা হবে না।
এদিকে ভিডিও দেখা বা ভিডিও কলিং এর অভিজ্ঞতা উন্নত করতে ফোনটিতে দেওয়া রয়েছে 6.75 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে। সস্তা দামের ফোন হওয়া সত্ত্বেও এতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট। সাধারণত এই বাজেটের ফোনে 90Hz এর বেশি দেখা যায় না। এছাড়াও জল এবং ধুলোবালি থেকে সুরক্ষা দেওয়ার জন্য ফোনটিতে IP64 রেটিং রয়েছে।
ব্যাটারি এবং ক্যামেরাতে বিরাট চমক
ফটোগ্রাফি প্রেমিদের জন্য ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া রয়েছে। আর এর মেইন সেন্সরটি 13 মেগাপিক্সেল, এবং সঙ্গে রয়েছে একটি সেকেন্ডারি AI লেন্স। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ক্যামেরাটি সাধারণ ব্যবহারের জন্য বেশ উপযুক্ত। তাছাড়া ফোনটির সবথেকে শক্তিশালী দিক হল এর ব্যাটারি ব্যাকআপ। এতে রয়েছে দানবীয় 6,000mAh এর একটি ব্যাটারি, যেটি একবার চার্জ দিলে ১৩ ঘণ্টার বেশি চালানো যাবে।










