প্রীতি পোদ্দার, কলকাতা: আষাঢ় পেরিয়ে শ্রাবণ মাস পড়তে না পড়তেই রাজ্য জুড়ে শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (Rain)। যার নেপথ্যে রয়েছে ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখা। জানা গিয়েছে, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলটি ছিল, তা গতকাল, শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ড ও ওড়িশার উপর নিম্নচাপ অঞ্চল অবস্থান করছে। যার ফলে উত্তরবঙ্গে সপ্তাহান্তে প্রবল বর্ষণের (Weather Tomorrow) সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গেও (South Bengal)।
আজও থাকবে বৃষ্টি সতর্কতা
আজ, শনিবার, সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি হয়েই চলেছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। মাঝে মধ্যে রোদের দেখা মিললেও তা বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। যদিও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বেশ কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। হাওয়া অফিস জানিয়েছে, আজ বিকেলেও কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, নদিয়া, বর্ধমান-সহ প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বৃষ্টির তীব্রতা কিছুটা বেশি হতে পারে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ রবিবার, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই আকাশে মেঘ বৃষ্টির খেলা চলবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ যাবে না পশ্চিমের জেলাগুলিও। এ ছাড়া, দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। তবে বৃষ্টি হলেও এখনই কমবে না গরমের দাপট। জানা গিয়েছে, আগামী মঙ্গলবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে কলকাতায়।
আরও পড়ুন: এবার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্করকে পানিহাটির রাস্তায় ঘোরালো পুলিশ
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও উত্তরবঙ্গে প্রবল বর্ষণের লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার-সহ উত্তরের পাহাড় ঘেঁষা সব জেলাতেই। এছাড়াও জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অত্যধিক বৃষ্টি হতে পারে। সেখানে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তবে আগামী মঙ্গলবার থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে উত্তরবঙ্গে। যদিও জলপাইগুড়ি এবং কালিম্পঙে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।










